বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে নয় কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকাসহ টাকার ওপর ১২ শতাংশ হারে সুদের ডিক্রি হয়। ডিক্রিকৃত সমুদয় টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য তাদের নির্দেশ দেওয়া হলেও তা পরিশোধ না করায় গত ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে এ জারি মামলা করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, খেলাপি ঋণ আদায়ের দাবিতে অর্থঋণ আদালতে মামলা করে এসবিএসসি ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখা। ২০২৪ সালের ২৭ মার্চ ডিক্রি জারি করে অর্থঋণ আদালত।
আরো জানা যায়, গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে ছিল না। তাই দায় সমন্বয়ের জন্য আইনের ৩৩ ধারার বিধান মোতাবেক নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি। ডিক্রিদার ব্যাংক হলফনামা সহকারে অর্থঋণ আইনের ৩৪ ও ৩৫ ধারা মোতাবেক ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেন। এ মামলা দায়ের হওয়ার প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও দায়িকগণ ডিক্রিদারের কোনো পাওনা পরিশোধ না করায় বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে বাধ্য করার প্রয়াস হিসেবে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ প্রদান করা হয়।