সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> দুর্বৃত্তরা খুলনায় গুলি করে ও কুপিয়ে ১১ মামলার আসামি পঙ্গু রাসেলকে হত্যা করেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে সজিব ও ইয়াসিন নামে দুজন আহত হয়েছেন।
আহতরা হলেন- সদর হাসপাতালের পেছনের বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে মো. সজিব (২৫) ও শেরেবাংলা রোড আমতলার মোড় এলাকার মো. হান্নান শেখের ছেলে মোহাম্মদ ইয়াসিন (২৬)।
শনিবার (২ নভেম্বর) রাত ২টার দিকে নগরীর সোনাডাঙ্গার কুবা মসজিদ গলির প্রবেশপথে এ ঘটনা ঘটে। নিহত পঙ্গু রাসেল মহানগরীর শেরেবাংলা রোডের আমতলার মোড়ের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেরেবাংলা রোড আলকাতরা মিলের পার্শ্বে কুবা মসজিদের গলির প্রবেশপথে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে পঙ্গু রাসেলকে বুকের পাশে দুটি গুলি করে এবং দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। বাকি দুজন ধারালো চাপাতির কোপে রক্তাক্ত জখম হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত সজিব ও মোহাম্মদ ইয়াসিন খুমেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে ভর্তি দুজনকে পঙ্গু রাসেলকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে খুমেক হাসপাতালের প্রিজন সেলে পুলিশ পাহারায় চিকিৎসার ব্যবস্থা করে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত রাসেল ওরফে পঙ্গু রাসেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। শুনেছি গত রাতে মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে।
এ ঘটনায় রাসেল গুলিবিদ্ধ এবং তাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করে চিকিৎসা দেওয়া হচ্ছে।