রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমিনুর ইসলাম সিরাজগঞ্জের চৌহালী থানার বঘুটিয়া এলাকার আবুল বাশারের ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) সিপাহী ছিলেন।
রোববার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
র্যাব জানায়, ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি চাকরি সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিডিআর মহাপরিচালকের সঙ্গে বিডিআর জওয়ানদের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সিপাহী আমিনুল ইসলামসহ তার সহযোগী জওয়ানরা অতর্কিতভাবে পিলখানার ভেতরের চলমান দরবারে প্রবেশ করে এবং দিনভর গোলাগুলি করে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করে আমিনুল ইসলাম ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করা হয়। এরপর উভয়পক্ষের যুক্তিতর্ক ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আমিনুল ইসলামকে ২০১৩ সালের ৫ নভেম্বর মৃত্যুদণ্ড প্রদান করেন।
কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, মামলার সাজা এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে বিভিন্ন এলাকায় আত্মোগোপনে ছিলেন আমিনুল ইসলাম। তাকে শনিবার দুপুরে গ্রেফতার করা হয়। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।