রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> কলেজছাত্রী রত্না মুন্ডা মাত্র এক ঘণ্টার জন্য খুলনার কয়রা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছেন। তিনি কয়রা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
উপকূলীয় জনপদ খুলনার কয়রায় টেকওভার শীর্ষক এক মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের কাছ থেকে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব নেন তিনি।
প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও পরিত্রাণের উদ্যোগে রোববার সকাল ১০টায় কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় এ আয়োজন করা হয়।
দায়িত্ব নিয়েই রত্না মুন্ডা জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা উপকূলের কিশোরীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার এ নির্দেশনের মধ্যে ছিল উপকূলের কিশোরীদের জন্য স্যানিটারি ন্যাপকিন সরবররাহ, মুন্ডা কমিউনিটিতে প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা, শিশু শ্রম বন্ধ, শিশু নির্যাতন, বাল্যবিবাহ বন্ধ, মুন্ডা শিশু কিশোরদের উপবৃত্তি প্রদান, শিক্ষার হার বৃদ্ধি করাসহ বিদ্যালয়ে স্বাস্থ্য উপকরণ বিতরণের কথা।
গার্লস টেকওভার শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ.ব.ম আ. মালেক, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আনিছুর রহমান, মো. আল আমিন ফরহাদ ও উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ।