শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৫৫ নেতাকর্মীর নামে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই নিহত নজরুল ইসলামের স্ত্রী পূর্ণিমা বেগম বাদী হয়ে আজ বুধবার মামলাটি করেন।
নিহত নজরুল ইসলাম (৩২) সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বারইভাগ এলাকার মো. জামাল শেখের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকার শাহাবুদ্দিন মণ্ডলের বাসায় ভাড়া থাকতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা এলাকায় পশমী সোয়েটারে তাকে গুলি করে হত্যা করা হয়।
মামলায় অজ্ঞাতপরিচয় আরো ২০০ জনকে আসামি করা হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক এমপি জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, রুমানা আলী টুসি, আখতারউজ্জামান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, আসাদুর রহমান কিরণ, আফজাল হোসেন সরকার রিপন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সিটি করপোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরকে আসামি করা হয়েছে।
আরো পড়ুন