মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> অন্য বছরের তুলনায় এবার ঈদে উৎসবের আমেজ দেখা গেছে কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরাণার্থী শিবিরগুলোতে।
সোমবার সকাল ৮টার দিকে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন তারা। তাদের ওপর অমানবিক নির্যাতন ও নিজ দেশে মর্যাদার সঙ্গে ফেরার আকুতি জানিয়ে প্রার্থনা করেন তারা।
মোহাম্মদ জোবায়ের বলেন, সাত বছর হতে চলছে। তবুও আমাদের কোনো কূল-কিনারা হচ্ছে না। রোহিঙ্গাদের ঈদের আনন্দ বলতে কিছু নেই। আমরা ‘খোলা কারাগারে’ কষ্টের জীবন যাপন করছি। এরপরও আমাদের আশা, আগামী বছর নিজ দেশে ঈদ উদযাপন করতে পারবো।
বিভিন্ন শিবিরে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই সেজেগুজে, নতুন জামা-কাপড় পরে ক্যাম্পের রাস্তায় হৈ-হুল্লোড় আর আনন্দে মেতে উঠে রোহিঙ্গারা।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোহিঙ্গা নেতা মোহাম্মদ জোবায়ের বলেন, ‘বাংলাদেশে মোট ৭টি কোরবানির ঈদ পার করছি। আমরা মিয়ানমারে থাকা অবস্থায় ২-৩টি বড় গরু কোরবানি দিতাম। কিন্তু এখানে আসার পর সেই সুযোগ হয়নি।’
‘রোহিঙ্গাদের ঈদ বলে কিছু নেই, খোলা কারাগারে বন্দি আমরা’, বলেন তিনি।
রোহিঙ্গাদের মতে, কক্সবাজারের ৩২টি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ১৩৮০টি মসজিদ ও ৯৭০টি নূরানি শিক্ষা প্রতিষ্ঠান (মত্তব) রয়েছে। এসব মসজিদ ও নূরানি শিক্ষা প্রতিষ্ঠানে (আজ) ঈদের নামাজ আদায় করেছেন শরণার্থী রোহিঙ্গারা।
টেকনাফের লেদা শিবিরের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, ‘অন্য বছর তুলনায় এবারে ক্যাম্পে ঈদের আমেজ দেখা গেছে। তাছাড়া এবারে ৮০টি কোরবানি পশু জবাই হয়েছে। যা অন্য বছরের তুলনায় বেশি।
তিনি বলেন, ঈদের নামাজ শেষে মোনাজাতে বিশেষ করে মর্যাদার সাথে নিজ ভূমিতে অধিকার নিয়ে ফিরে যেতে পারবো সেই প্রার্থনাও করা হয়েছে। এছাড়া ফিলিস্তিনি এবং বর্তমান মিয়ানমারের সংঘাতে নিহত মানুষদের জন্য দোয়া করা হয়েছে।
বালুখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা সালাম বলেন, ‘আসলে রোহিঙ্গাদের ঈদের আনন্দ কখনো অনুভব হয়না। কেননা নিজ ভূমিতে আমাদের বাপ-দাদাসহ অনেকে আছে। কিন্তু আজকে সাত বছর হতে চলছে, তাদের কবর জিয়ারত করতে পারছি না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। তবে ক্যাম্পে শিশু-কিশোররা ঈদের খুশি মেতে উঠলেও বড়দের কোন আনন্দ নেই বললে চলে।’
শরণার্থী জীবনে “টাকা-পয়সা নাই, চলাফেরার সুযোগ নাই’ মন্তব্য করে রোহিঙ্গা নেতা মোহাম্মদ আমিন বলেন, ‘আমরা দেশে যেভাবে ঈদ করতাম, এখানে সেভাবে ঈদ করতে পারিনি। কারণ সবকিছুর পরও এটা আমাদের দেশ না। এই জন্য আমাদের কোনও আনন্দ নেই।’
তিনি বলেন, গত ২০১৭ সালে আগষ্টে এ সময়ে মিয়ানমারে রোহঙ্গাদের উপর গণহত্যা চালায় সেদেশের সেনারা। এই মাস আসার পর থেকে যেন মনে হয় কালো দিন এসেছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, ‘ক্যাম্পে রোহিঙ্গারা ঈদ উদযাপনে মেতে উঠেছেন। তবে কেউ যাতে ক্যাম্পের বাইরে না যায়, সেজন্য উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নজরদারি রাখা হয়েছে।’
২০১৭ সালে ২৫ আগষ্ট কোরবানির ঈদের মাত্র কয়েকদিন আগে রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন আরসা রাখাইনের ৩০টি নিরাপত্তা চৌকিতে একযোগে হামলা চালায়। প্রতিক্রিয়ায় মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক নিপীড়নমূলক অভিযান শুরু করে। এর ফলে প্রাণ বাঁচাতে প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩২টি শিবিরে ১১ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে।
আরো পড়ুন