মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> রেকর্ড বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ভারি বর্ষণে তলিয়ে গেছে মরুভূমির দেশটির রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা। এমনকি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও পানিতে তলিয়ে গেছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইট চলাচল। ফ্লাইট বাতিল-বিলম্ব ও যাত্রীদের নানা বিড়ম্বনার মধ্যে দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
বুধবার ফ্লাইট অ্যাওয়্যার-এর ডেটা অনুসারে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া আরো কয়েক শ ফ্লাইট বিলম্বিত হয়। বিমানবন্দরটি গত বছর ৮০ মিলিয়নেরও বেশি যাত্রীদের পরিষেবা দিয়েছে এবং যাত্রী পরিষেবার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের আটলান্টার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি সারা বিশ্বের যাত্রীদের জন্য ব্যস্ততম এয়ার হাব হিসেবে পরিচিত।
পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে বিমানবন্দরটি। এ ছাড়া এয়ারলাইনস থেকে নিশ্চিতকরণ ছাড়া ১ নম্বর টার্মিনালে যাওয়া এবং বিমানবন্দরে ভ্রমণ এড়ানোর জন্য যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিস্থিতি সম্পর্কে যাত্রীদের সতর্ক করেছে এবং কিছু এলাকা পানিতে প্লাবিত হওয়ার কারণে সেদিক এড়িয়ে চলতে বলেছে। আরো উত্তরে, বন্যার পানিতে গাড়ি ভেসে গিয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে গত রবিবার থেকে দেশটিতে মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে।
এদিকে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনস এমিরেটস বৃহস্পতিবার পর্যন্ত জনপ্রিয় এই পর্যটন শহর থেকে ছেড়ে যাওয়া যাত্রীদের জন্য চেক-ইন স্থগিত করেছে। এই সংস্থাটির সদর দপ্তরও দুবাইয়ে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আরো বজ্রপাত, ভারি বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেক নিচু এলাকা এখনও পানির নিচে রয়েছে।