বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> লন্ডনের মেয়র, সাদিক খান, অবিলম্বে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ৪ এপ্রিল, বৃহস্পতিবার এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি এখনই বন্ধ করতে হবে। মূলত চলতি সপ্তাহে গাজায় তিন ব্রিটিশ ত্রাণকর্মী ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর এই মন্তব্য করেছেন তিনি।
ডব্লিউসিকের গাড়িবহরে ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা গত ৪৮ ঘণ্টায় দেখেছি ৭ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন ব্রিটিশ ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাতব্য সংস্থার গাড়িতে হামলা করেছে।’
ব্রিটিশ লেবার পার্টির সদস্য এই রাজনীতিবিদ বলেছেন, এই পদক্ষেপ নেওয়ার বিষয়টি এখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ওপর নির্ভর করছে। তাদের উচিত ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা।
পলিটিক্স জো ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় সাদিক খান বলেছেন, হামাস ৭ অক্টোবর হামলার সময় যেসব জিম্মিকে আটক করেছিল তাদের ছেড়ে দেওয়া উচিত। পাশাপাশি ফিলিস্তিনি বেসামরিকদের টার্গেট করে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।
লন্ডনের প্রথম মুসলিম মেয়র জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী যেভাবে টার্গেট করে বেসামরিকদের বিশেষ করে শিশুদের হত্যা করছে তাতে তিনি হতাশ। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ৭ জন বিদেশি ত্রাণকর্মীকেও তারা হত্যা করেছে। এদের মধ্যে ৩ জন ব্রিটিশ নাগরিকও ছিলেন।
সাদিক খান বলেছেন, ‘আমি মনে করি সরকারের ইসরায়েলের কাছে সমস্ত অস্ত্র বিক্রি বন্ধ করা উচিত। আমি মনে করি আমাদের ইসরায়েলি সরকারকে জবাবদিহি করতে বাধ্য করতে হবে। যুদ্ধের সময় প্রতিটা ঘন্টা যাচ্ছে আর নিরীহ মানুষের মৃত্যুর সংখ্যাও বাড়ছে।’
উল্লেখ্য, গাজা উপত্যকায় ১ এপ্রিল, সোমবার ইসরায়েলি বিমান হামলায় ডব্লিউসিকের ৭ জন ত্রাণকর্মী নিহত হয়। নিহতদের মধ্যে ৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডিয়ান-আমেরিকান দ্বৈত নাগরিক, একজন ফিলিস্তিনি নাগরিক, একজন পোলিশ ও একজন অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন।