মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> গাজায় ইসরায়েলি হামলায় সাত ত্রাণকর্মীকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিষ্ঠাতা সেলিব্রিটি শেফ জোসে আন্দ্রেস। বুধবার (৩ এপ্রিল) রয়টার্সকে ভিডিও কলে দেয়া সাক্ষাত্কারে তিনি এ তথ্য জানান।
শেফ জোসে বলেন, দাতব্য গোষ্ঠীটির ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগ ছিল এবং সেনারা ত্রাণকর্মীদের গতিবিধি জানত। তাই এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মানতে নারাজ তিনি। ডব্লিউসিকের প্রতিষ্ঠাতা বলেন, ‘এটি মোটেই দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ছিল না যে তারা বলতে পারে, উফ! আমরা ভুল জায়গায় বোমা ফেলে দিয়েছি।আমাদের গাড়ি বহরের ছাদে খুবই রঙ্গিন লোগো ছিল। আমরা কে এবং আমরা কি করি তা খুবই স্পষ্ট ছিল।’
সোমবার সমুদ্রপথে গাজায় আসা ১০০ টন খাদ্যের তদারকি করার সময় ত্রাণকর্মীদের গাড়ি বহরে হামলা হলে সাতজন নিহত হন। এ ঘটনায় ‘গভীরভাবে দুঃখ’ প্রকাশ করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। একে অনিচ্ছাকৃত ভুল বলে অভিহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ হামলা ইচ্ছাকৃত নয়—ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন আন্দ্রেস।
আন্দ্রেস দাবি করেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আমাদের কর্মীদের অবস্থান সম্পর্কে অবগত ছিল। মার্কিন সরকার এবং নিহত প্রতিটি ত্রাণকর্মীর দেশকে এ ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
ভিডিও কলে শেফ জোসে বলছিলেন, ‘আইডিএফ নিয়ন্ত্রিত একটি দ্বন্দ্বহীন অঞ্চলে আমাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তারা জানত ওই রাস্তায় আমাদের দলগুলো তিনটি গাড়ি নিয়ে চলাচল করছিল।’