সোমবার, ০৮ Jun ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> শেষ কবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে মনে আছে কি? মনে থাকার কথাও না। কারণ এর আগে কখনোই টাইগাররা টি-টোয়েন্টিতে লঙ্কানদের সিরিজ হারাতে পারেনি। এবার লিটন-সৌম্যদের সামনে অপেক্ষা করছে সেই মাহেন্দ্রক্ষণ। আর এক ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-য়েন্টি সিরিজ হারাবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে জিততে জিততেও হেরে গিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল করেনি। শিক্ষা নিয়েছিল প্রথম ম্যাচ থেকে। প্রথম ম্যাচের ছন্নছাড়া বোলিংয়ের পরিবর্তে দ্বিতীয় ম্যাচে আঁটসাঁট বোলিং ছিল শরিফুল ইসলামদের। মাত্র ২০ রান দিয়ে পূরণ করেছিলেন নিজের বোলিং কোটা। শরিফুলের ইকোনমিক্যাল বোলিংয়ের সুবিধা কাজে লাগিয়েছেন তাসকিন-মুস্তাফিজরা। তুলে নিয়েছেন উইকেট।
প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোয় শিষ্যদের প্রশংসায়ও ভাসিয়েছেন প্রধান কোচ হাথুরুসিংহে। তিনি বলেন, ‘শেষ ম্যাচের কথা যদি বলি, আমরা প্রায় নিখুঁত খেলেছি। এটা দেখে ভালো লেগেছে যে, ছেলেরা খুব দ্রুত আগের ম্যাচ থেকে শিখেছে। বোলাররা প্রথম ম্যাচে যেমন বল করেছে, তার চেয়ে ভালো করেছে পরের ম্যাচে। ব্যাটসম্যানরাও প্রথম ম্যাচে পাওয়ার প্লের ভুল শুধরে নিয়েছে পরের ম্যাচে।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ শনিবার বিকেল ৩টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ খেলার চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।
এ দিন ব্যাটিংয়েও উজ্জ্বল ছিলেন লিটন-সৌম্যরা। কাজে লাগিয়েছিলেন পাওয়ার প্লে। নিজের ছন্দে ফিরেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ফলাফল ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এতে সুযোগ তৈরি হয়েছে ইতিহাস গড়ার। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে প্রথমবারের মতো সিরিজ জিতবে টাইগাররা।
তবে শেষ ম্যাচে টাইগারদের কঠিন পরীক্ষা নিতে পারেন লঙ্কানদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। নিষেধাজ্ঞা কাটিয়ে আজ মাঠে নামবেন তিনি। এই স্পিন অলরাউন্ডারের শক্তিমত্তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নিজের দিনে টি-টোয়েন্টিতে ভয়ংকর হয়ে উঠতে পারেন তিনি। তবে হাসারাঙ্গাকে এতটা গুরুত্ব দিচ্ছেন না কোচ হাথুরুসিংহে, ‘হাসারাঙ্গাকে নিয়ে চিন্তা করছি না, তিনিও অন্য সব খেলোয়াড়ের মতোই।’
গতকাল সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে যেমন বলেছেন, ‘আমরা ইতিহাসটা বদলানোর দ্বারপ্রান্তে আছি। আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার।’
আজ বাংলাদেশকে জয় পেতে হলে সমান গুরুত্ব দিতে হবে সব বিভাগেই। যেমনটা ছিল দ্বিতীয় ম্যাচে। বোলিংয়ে বিশেষ দায়িত্ব নিতে হবে শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদকে।
শেষ ম্যাচে টাইগারদের ব্যাটিংয়ের দিকে তাকালে দেখা যাবে প্রায় সবাই রানে ছিলেন। আজও সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ওপেনিংয়ে ভালো শুরু এনে দিতে হবে লিটন দাস আর সৌম্য সরকারকে। তবে এ ম্যাচে বিশেষ নজর থাকবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ আর জাকের আলি অনিকের ওপর।
বাংলাদেশ যদি দ্বিতীয় ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে সিরিজ জয় অনেকটা নিশ্চিতই টাইগারদের জন্য।