শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
অনুসন্ধান ২৪>> রাজধানীর খুচরা বাজারে মুলা ও পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না। শাকের আঁটি ছোট, দামও বেড়েছে। মাংসের দাম আবার বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি ও রসুন।
বাজার ঘুরে দেখা গেছে, বেগুন মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, আলু ৫০ থেকে ৬০ টাকা, পেঁয়াজ ৯০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, মুলা ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, মটরশুঁটি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ফুলকপি প্রতিটি ৫০ টাকা, বাঁধাকপি প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, লম্বা লাউ প্রতিটি ৭০ থেকে ১০০ টাকা।
গতকাল বৃহস্পতিবার রামপুরা, জোয়ারসাহারা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
বিক্রেতারা বলছেন, এখন সবজির ভরা মৌসুম হলেও আবহাওয়া পরিস্থিতির কারণে উৎপাদন কম হয়েছে। এতে পাইকারি বাজারে শাক-সবজির সরবরাহ তুলনামূলকভাবে কম। এখন তাঁদের বাড়তি দামে শাক-সবজি কিনে আনতে হচ্ছে।তাই তাঁরা দাম বাড়িয়ে বিক্রি করছেন।
দাম বেড়ে প্রতি আঁটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। লাউশাক ও পুঁইশাকের প্রতি আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এখন সবজির মৌসুম হলেও কারওয়ান বাজারে সবজির সরবরাহ সেভাবে নেই। এতে পাইকারিতেই সবজির দাম বেশি। বৈরী আবহাওয়ার কারণে এবার বগুড়াসহ বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন কম হয়েছে।
লালশাক, পালং, মুলাশাক ও ডাঁটাশাকের আঁটি ছোট হয়ে এসেছে।
এসব কারণে বাজারে এখন সবজির দাম বাড়তি।’
বাড্ডার সবজি ব্যবসায়ী আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘পাইকারি বাজারে ঢাকার বাইর থেকে পর্যাপ্ত শাক আসছে না। এ কারণে আড়ত থেকে আমাদের বাড়তি দামে শাক কিনে আনতে হচ্ছে। গত বছর এই মৌসুমে মুলাশাকের আঁটি প্রতিটি দুই থেকে তিন টাকা কিনতে পারতাম, এবার কিনতে হচ্ছে ৮-৯ টাকা করে। গত বছরের চেয়ে প্রায় তিন গুণ বেশি দামে এবার শাক কিনতে হচ্ছে।’
জোয়ারসাহারা বাজারে সবজি কিনতে আসা মো. হিরণ নামের এক ক্রেতা কালের কণ্ঠকে বলেন, ‘সবজির মৌসুমেও যদি ১০০ টাকা কেজি দরে বেগুন কিনতে হয়, তাহলে সামনে যে কী হবে, তা কল্পনার বাইরে। বছরের এই সময়ে বেগুনের দাম প্রতি কেজিতে সাধারণত ৪০ থেকে ৫০ টাকার বেশি থাকে না। কৃষকের কাছ থেকে কম দামে সবজি কিনে মধ্যস্বত্বভোগীরা কারসাজি করে দাম বাড়াচ্ছে। তাই সরকারকে জোরালোভাবে বাজার তদারকিতে নজর দিতে হবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের সরকারের কাছে একটাই চাওয়া—বাজারদর যেন ক্রেতার নাগালে থাকে।’
রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে গতকাল ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
বগুড়ার মহাস্থান হাটে সবজির দাম বাড়তি
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার প্রসিদ্ধ পাইকারি বাজার মহাস্থান হাটে সব ধরনের সবজির দাম বেড়েছে। গতকাল মহাস্থান হাটে সাদা আলু এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে বিক্রি হয় এক হাজার ১০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা দরে। লাল আলু এক হাজার ৪০০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে, যা আগে ছিল এক হাজার ৩০০ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা।
বেগুন দুই হাজার টাকা থেকে দুই হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকা। ফুলকপি এক হাজার ৪০০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, এক সপ্তাহ আগে ছিল এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা।
মহাস্থান হাটের ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমায় দাম বাড়তে শুরু করেছে।