বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> চট্টগ্রামের মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ড নিয়ে ‘মিথ্যা ও অসত্য তথ্য’ প্রচার করার অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
তবে মিতুর স্বামী বাবুলের ভাই হাবিবুর রহমান লাবুকে ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত বছর ২৫ জুলাই এ মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত। মামলা থেকে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তার বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দেন আদালত। সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করা হয়। ইলিয়াস হোসাইন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেন। ৩১ আগস্ট ইলিয়াসের সম্পত্তি ক্রোকের আদেশ দেন ট্রাইব্যুনাল।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন আইনজীবী নজরুল ইসলাম শামীম।
মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ ও তা প্রচারের অভিযোগে গত বছর ২৭ সেপ্টেম্বর বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে।