বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক: আগে ছিল মনোনয়ন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। এখন দলীয় মনোনয়ন পাওয়ার পরও চট্টগ্রামের আট প্রার্থীর চিন্তা কাটছে না। আওয়ামী লীগ জোটগত নির্বাচন করলে শরিক দলকে আসন ছেড়ে দিতে হবে কি না এই দুশ্চিন্তা যেমন আছে, তেমনি মনোনয়নবঞ্চিত নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণাও বাড়াচ্ছে কারও কারও দুশ্চিন্তা। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে তিনটি আসন জোট সঙ্গীদের ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এগুলো হলো চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ হাটহাজারী ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালি)।
ফটিকছড়ি আসন থেকে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, হাটহাজারী আসন থেকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও চান্দগাঁও-বোয়ালখালি আসন থেকে জাসদের কার্যকরী সভাপতি মাঈন উদ্দিন খান বাদল আওয়ামী লীগের সমর্থনে ভোটে জয়ী হয়েছিলেন।
এবার এই তিনটি আসনেই নৌকার মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। এদের মধ্যে চট্টগ্রাম-৮ আসনে জোট থেকে অন্য কারও প্রার্থী হওয়ার গুঞ্জন না থাকলেও হাটহাজারী ও ফটিকছড়ি আসন শেষ পর্যন্ত জোটের শরিক দলগুলোকে ছেড়ে দেওয়া হবে কি না এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে আসন দুটিতে মনোনয়ন পাওয়া আওয়ামী লীগ প্রার্থীরা আশা করছেন দীর্ঘদিন পর এবার দলীয় প্রার্থীদেরকেই বহাল রাখা হবে।
হাটহাজারী আসন থেকে এবার নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামকে। জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ও সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল প্রগতি গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিম উদ্দিনের আসনও হাটহাজারী। এদের মধ্যে যে কেউ আওয়ামী লীগের সমর্থন নিয়ে আসনটিতে নির্বাচন করতে পারে বলে মনে করছেন অনেকে।
নৌকার মনোনয়ন পাওয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, দীর্ঘ আটচল্লিশ বছর ধরে হাটহাজারীতে আওয়ামী লীগের এমপি নেই। এবার কোনো ছাড় নেই। আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনামলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এলাকার এমপি ছিলেন। এর আগে বিএনপি জাতীয় পার্টির আমলেও ছিলেন। কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থেকে হাটহাজারীকে সুন্দরভাবে গোছানোর একটা সুযোগ ছিল। কিন্তু তিনি সেটাকে কাজে লাগাননি।
এদিকে ফটিকছড়ি আসন থেকে নৌকার মনোনয়ন পাওয়া খদিজাতুল আনোয়ার সনি বলেন, ২০১৪ সালে আমি মনোনয়ন পেয়েও জোটের কারণে ছেড়ে দিয়েছিলাম। এবার আমাকে মনোনয়ন দেওয়ায় দলীয় নেতাকর্মী ও এলাকার লোকজন অনেক খুশি। নেত্রী স্পষ্ট বলে দিয়েছেন এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তরাই নির্বাচন করবেন।
তাই আমি আশাবাদী আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ফটিকছড়ি আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো। এদিকে, পাঁচটি আসনে দলীয় মনোনয়নবঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার ঘোষণায় দেওয়ায় টেনশনে পড়েছেন এসব আসনের নৌকার প্রার্থীরা।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুুবুর রহমান রুহেল। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নাগরিক কমিটির ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন।
চট্টগ্রাম-১১ (পতেঙ্গা) আসনে গত তিনবারের এমপি এম এ লতিফকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি নজরুল ইসলাম চৌধুরী। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার চৌধুরী।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি আবু রেজা নদভী। দলীয় মনোনয়ন না পেলেও একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এম এ মোতালেব।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। মনোনয়ন না পাওয়া দুই আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান সিআইপি ও আবদুল্লাহ কবির লিটন আসনটিতে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়া আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রধানমন্ত্রী আগ্রহীদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়ে দিয়েছেন। তাই এলাকায় নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে এবং নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে তারা নির্বাচন করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি এখন পর্যন্ত নির্বাচনে না আসার সিদ্ধান্তে থাকায় দলের মধ্যে একাধিক প্রার্থী দিয়ে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল নিয়েছে আওয়ামী লীগ। তবে বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলে দলীয় লোকদের স্বতন্ত্র প্রার্থী হবার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে আসতে পারে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল।