বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক::: বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র আবুল খায়ের ওরফে খোকন সেরনিয়াবাতের অভিষেকের দিনেই সংঘাতে জড়িয়ে পড়েছে দুটি গ্রুপ। মঙ্গলবার অপরাহ্নে মেয়র সমর্থিত রুপাতলীর মোল্লাবাহিনী এক ভয়াত্মক রুপ ধারণ করেছে। কথিত শ্রমিক নেতা সুমন মোল্লার ভাই মিলন মোল্লা দলবল নিয়ে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদের স্বজন এক যুবককে এলোপাতারি কুপিয়েছে।
নয়া মেয়রের দায়িত্বগ্রহণের প্রথমদিনেই সংঘটিত এই রক্তারক্তির ঘটনা পুরো শহরময় আলোচনা-সমালোচনা তৈরি করেছে। পাশাপাশি জনমনে বাড়িয়ে তুলেছে আতঙ্ক। জানা গেছে, মোল্লাবাহিনীর হামলায় রক্তাক্ত ওই যুবকের নাম পিয়াল। পঁচিশোর্ধ্ব যুবক কাউন্সিলর সুলতানের সমন্ধির ছেলে এবং তারা উভয়ে বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের অনুসারী।
কাউন্সিলর সুলতান জানান, নতুন মেয়র এবং তিনিসহ পরিষদের সদস্যরা আজ বরিশাল সিটি কর্পোরেশনে দায়িত্বগ্রহণ করেছেন। এই আয়োজনকে ঘিরে যে যার মতো লোকবল নিয়ে সিটি কর্পোরেশনের সম্মুখে যায়। সেখানে তার লোকজনও যেমন গিয়েছে, তেমনি সুমন মোল্লাও তার বাহিনী নিয়ে গেছে।
কাউন্সিলর অভিযোগ করেন, আয়োজন শেষ করে রুপাতলী ফিরে আসার পর সুমন মোল্লার ভাই মিরন মোল্লা ১০ থেকে ১৫ জনের একটি দল নিয়ে পিয়ালকে তার বাসার সামনে মোল্লা মার্কেটে কোপায়। তখন আত্মরক্ষার্থে পিয়াল দৌঁড়ে গিয়ে রুপাতলী বাসস্ট্যান্ডের পাশে হুমাহুম রেস্তোরাঁর সম্মুখে অবস্থান করলে সেখানে গিয়েও মিরন মোল্লা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। রক্তাক্ত অবস্থায় পিয়ালকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়েছে।
নতুন মেয়রের অভিষেকের প্রথমদিনেই কি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে দু’গ্রুপে কেন এমন রক্তারক্তির ঘটনা তৈরি করল, তা কাউন্সিলর সুলতান খোলসা করেননি। শুধু তিনি বলছেন, সুমন মোল্লা একজন সন্ত্রাসী এবং তিনি নিজেকে নতুন মেয়রের অনুসারী দাবি করে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টি করে চলছেন।
তবে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, রুপাতলীর এই সংঘাতের নেপথ্যে মাহিন্দ্রার (থ্রি-হুইলার) নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সুলতান মোল্লা এবং সুমনের মধ্যে গত কয়েক মাস ধরে চলমান বিরোধের বিষয়টি সামনে এসেছে। সেই বিরোধকে কেন্দ্র করে আজকের রক্তপাতের ঘটনা ঘটল, যার কিছুক্ষণ আগেই শেষ হয় নতুন মেয়র খোকনের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিটির পঞ্চম পরিষদের কাউন্সিলর সুলতান দায়িত্বগ্রহণের পরপরই তার স্বজনসহ অনুগতরা মাহিন্দ্রা স্ট্যান্ডের নিতে যায়। তখন তাদের প্রতিবন্ধকতা তৈরি করে মেয়র সমর্থিত সুমন মোল্লার ভাই মিরন মোল্লাসহ ১০ থেকে ১৫ জন। এনিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সুমনের ভাই মিরন নিজেই ধারালো অস্ত্র দিয়ে কাউন্সিলর সুলতানের স্বজন পিয়ালকে আঘাত করে। একপর্যায়ে পিয়াল দৌড়ে পালিয়ে যেতে চাইলে অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে রুপাতলী হুমাহুম রেস্তোরাঁর অভিমুখে নিয়ে যায়। এবং সেখানে মাটিতে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।
মাহিন্দ্রা স্ট্যান্ডকে কেন্দ্র করে এই সংঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে সুমন মোল্লা ছুটে গেলে তাকে ব্যাপক মারধর করে সুলতানের অনুসারীরা। তিনিও এতে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এই তথ্য স্বীকার করে সুমন মোল্লা বলছেন, মেয়রের অভিষেক আয়োজনে কাউন্সিলর সুলতানের লোকজনের অপেক্ষা তার কর্মীবাহিনী বেশি অংশ নেন, যা দেখে তিনি সংক্ষুব্ধ হন। এবং আয়োজন শেষে তিনি মাহিন্দ্রা স্ট্যান্ডটির নিয়ন্ত্রণ নিতে সন্ত্রাসীদের পাঠিয়ে দেন। তখন তাদের সাথে শ্রমিকদের সংঘাত হয় এবং এতে তার পক্ষের অন্তত ১০ জনের বেশি রক্তাক্ত হয়েছেন। এছাড়া খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও পেটানো হয়, দাবি করেন সুমন মোল্লা।
স্থানীয়রা জানায়, কাউন্সিলর সুলতানের লোকজন এবং শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সুমন মোল্লাসহ তার কর্মীদের সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে রুপাতলীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম গিয়ে উত্তপ্ত পরিবেশ-পরিস্থিতি শান্ত করে।
কোতয়ালি থানা পুলিশের এসআই আরাফাত রহমান হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল। কিন্তু এর আগেই উভয়গ্রুপের সদস্যরা সটকে পড়েছে, ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে, জানান পুলিশ কর্মকর্তা।
এর আগে মেয়রকে বরণ আয়োজনে অংশগ্রহণকারী যুবকদের মধ্যে কয়েক দফা হামলা পাল্টা হামলার খবর পাওয়া যায়, যার কয়েকটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। নয়া মেয়র খোকনের অভিষেকের দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘাতকে রক্তারক্তির আলামত হিসেবে অভিহিত করেছে, দলীয় ঘরনার রাজনৈতিক একটি পক্ষ।
বিশেষ করে সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ’র অনুসারীরা এই ঘটনাকে কেন্দ্র করে আগামীতে প্রতিমন্ত্রী-মেয়র সমর্থিতরা বড় কোনো সংঘর্ষে জড়িয়ে পড়বে কী না তা নিয়েও প্রশ্ন তুলেছেন। অবশ্য সাদিক অনুসারীদের এমন ভাবনা একদম উড়িয়ে দিলে চলবে না, মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।
তাদের দাবি, প্রতিমন্ত্রী এবং নতুন মেয়রের কাছে নগরবাসীর প্রত্যাশা অনেক বেশি। অবহেলিত বরিশাল শহর উন্নয়নে মন্ত্রী-মেয়র যে অঙ্গীকার করেছেন, তার সাক্ষী হতে চায় জনসাধারণ। কিন্তু অভিষেকের প্রথমদিনেই দুটি গ্রুপ সংঘাতে জড়িয়ে যে অঘটনের জন্ম দিলো তা প্রতিমন্ত্রী-মেয়রের রাজনীতিতে বিরুপ প্রভাব ফেলবে। এবং সৎ-সজ্জন খোকনের ঘোষিত ‘নতুন বরিশাল’ গড়ার ক্ষেত্রেও এই রাজনৈতিক অন্তরায় হতে পারে। এসব বিষয়াদী মাথায় রেখে প্রতিমন্ত্রী-মেয়রকে কঠোর ভূমিকায় যেতে হবে, মন্তব্য কারও কারও।