শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মচারী নাজমুল আহসান। তিনি যশোরের চৌগাছা উপজেলায় সংশ্লিষ্ট দপ্তরে হিসাব রক্ষক হিসেবে কাজ করছেন। তিনিই আবার স্থানীয় ঠিকাদার। ব্যবসা পরিচালনা করেন এলজিইডির কার্যালয়ে বসেই। তার প্রতিষ্ঠানের নাম ‘নাহিদ এন্টারপ্রাইজ’। এর মালিকানা আবার দিয়ে রেখেছেন স্ত্রী ফারজানা নাহিদের নামে।
কাগজে-কলমে নাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারজানা হলেও তাকে কখনও কেউ নিজের প্রতিষ্ঠানে আসতে দেখেনি। কারণ, প্রতিষ্ঠানটির চার দেয়ালের কোনো কার্যালয় নেই। ফলে স্থানীয় সরকার প্রকৌশল থেকে কোনো কাজ হলে সেটির ঠিকাদারি দেন নাজমুল। নিজের বিল নিজে পরীক্ষা করেন। বিল উত্তোলন করে আবার নিজেকেই প্রদান করেন। কার্যত, এসবের মধ্যে তিনি ‘পুকুরচুরি’ করে চলেছেন।
সম্প্রতি এ ‘অলরাউন্ডারের’ ঘটনাগুলো চাউর হলে জনমনে প্রশ্ন ওঠে। চৌগাছা এলজিইডির স্বচ্ছতা নিয়েও আলোচনা-সমালোচনা শুরু করে অন্যান্য ঠিকাদাররা। সম্প্রতি চৌগাছা উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) পিইডিপি-৪’র অধীনে মেরামত ও এসি সরবরাহ কাজের দরপত্র আহ্বান করা হয়।
কারসাজি করে নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান নাহিদ এন্টারপ্রাইজের নামে কাজটি নিয়ে নেন চৌগাছা এলজিইডির হিসাবরক্ষক নাজমুল আহসান। দরপত্র দলিল (শিডিউল) অনুযায়ী রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ কক্ষের মেঝের টাইলস, মূল কলাপসিবল গেট স্থাপন ও এসি সংযোগ করার কথা। শিডিউলে চারটি দুই টন ক্ষমতাসম্পন্ন এসি সংযোগের কথা থাকলেও তিনি দুটি ২ টন একটি দেড় টন ক্ষমতার এসি সরবরাহ করেন। কিন্তু বিল দেখান চারটি দুই টন এসির।
তথ্যানুসন্ধানে আরও জানা গেছে, গত ২ মে চৌগাছায় পিইডিপি-৪’র আওতায় উপজেলা রিসোর্স সেন্টার মেরামতের কাজের টেন্ডারও আহ্বান করা হয়। ওই কাজের প্রাক্কলিত মূল্য ছিল ৮ লাখ ১৬ হাজার ৯২৯ টাকা। চলতি বছর ৮ অক্টোবরের মধ্যে কাজটি সম্পাদনের শর্তে গত ৯ আগস্ট উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ কাজটির কার্যাদেশ দেন। একইদিন দরপত্র চুক্তি সম্পাদিত হয়। চুক্তিমূল্য ছিল ৭ লাখ ৩৩ হাজার ৭৭২ টাকা।
চুক্তিপত্রে নাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারজানা নাহিদের সই-ছবি থাকলেও তিনি চৌগাছা এলজিইডি অফিসে এসে চুক্তি স্বাক্ষর করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একাধিক স্টাফ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হিসাবরক্ষক নাজমুল নিজেই তার স্ত্রীর সই করেছেন। আবার তিনি নিজেই ঠিকাদার হওয়ায় কার্যাদেশের দিনই চুক্তি সম্পাদন হয়েছে। তা না হলে কার্যাদেশ পেতে ঠিকাদারের অন্তত একদিন সময় লাগার কথা।
আরও জানা গেছে, কাজটি সম্পাদন করা হয়নি। আবার ৪টি দুই টনের এসি সংযোগ না করেই গত ১০ সেপ্টেম্বর চলতি বিল দাখিল করা হয়েছে। দুই টনের ৪টি এসির বিল দাখিল করা হয়েছে ভ্যাট ও আইটি ছাড়া ৪ লাখ ৩৩ হাজার ৭৯৫ টাকা (দরপত্র দলিল মূল্যে)। অথচ কাজটির চুক্তিমূল্য অনুযায়ী এটি ১০ শতাংশ কম মূল্যে সরবরাহ করার কথা।
কিন্তু চৌগাছা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী বুলবুল আহমেদ বিল তৈরিতে, হিসাবরক্ষক নাজমুল আহসান নিরীক্ষায় ও উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বিলে সইয়ের সময় কোথাও ৮ টনের জায়গায় সাত টন এসি সরবরাহের কথা বা ১০ শতাংশ নিম্ন দরে কাজ সম্পাদনের কথা উল্লেখ করেননি।
অন্যদিকে, ইউআরসিতে এসি সরবরাহ বা কোনো কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফারজানা নাহিদ বা তার কোনো প্রতিনিধি যাননি বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। তারা জানান, সেখানে এসি সরবরাহ করেছেন এলজিইডির হিসাবরক্ষক নাজমুল আহসান।
চৌগাছা উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ছয়-সাত বছর ধরে নাজমুল আহসান চৌগাছা উপজেলা প্রকৌশলীর দপ্তরের হিসাবরক্ষক হিসেবে পোস্টিং পেয়েছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার এলজিইডির অধীন সব উন্নয়ন কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ নিতে প্রভাব খাটানো শুরু করেন।
এ নিয়ে স্থানীয় একাধিক ঠিকাদার, এমনকি কয়েকজন অফিস স্টাফের সঙ্গে তার বিরোধ ও তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একটি প্রাথমিক বিদ্যালয় ভবনের কাজ সম্পূর্ণ না করেই হস্তান্তরের কাগজে স্বাক্ষর করা নিয়ে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মারতে পর্যন্ত গিয়েছিলেন এলজিইডির কর্মচারী নাজমুল আহসান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বলেন, নাজমুল তাদের সঙ্গে একাধিকবার খারাপ ব্যবহার করেছেন। তিনি ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করার জন্য যার-তার দিকে তেড়ে যান, অশ্লীল ভাষায় কথা বলেন।
এসব বিষয়ে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করেন হিসাবরক্ষক নাজমুল আহসান। তিনি বলেন, আমি অফিসের বিল নিরীক্ষার দায়িত্ব পালন করি। সে হিসেবে ফাইল তো আমিই ডিল করবো।
সরকারি চাকরি করেও ঠিকাদারি কেন করেন জানতে চাইলে তিনি বলেন, না আমি করি না, আমার শ্বশুর ওই ঠিকাদারের প্রতিনিধি। ঠিকাদারি প্রতিষ্ঠান নাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারজানা নাহিদ আপনার কি হন- প্রশ্ন করলে নাজমুল বলেন, আমার শ্বশুরের মেয়ে।
তিনি কি হন জানতে চাইলে উত্তর দেন, আমার স্ত্রী। কাজ শেষ না করেই বিল দাখিল করেছেন কেন প্রশ্ন করা হলে এলজিইডির এই কর্মচারী বলেন, এটা তো সম্পূর্ণ কাজের বিল না, চলতি বিল। ’ যে কাজ করাই হয়নি, সে কাজের চলতি বিল হলো কীভাবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, চার মাস আগে এসিগুলো সরবরাহ করা হয়েছে। এখনও বিল পাইনি। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিলটির তদবিরে গিয়েছিলাম। এক টন এসি ঠিকাদারি প্রতিষ্ঠান পরে ইউআরসির অন্য একটি রুমে দিয়ে দেবে বলে জানিয়েছে।
তাহলে নির্ধারিত দুই টনের ৪টি এসি বিলে উল্লেখ করা হয়েছে কেন? উত্তরে নাজমুল আহসান বলেন, এটা উপজেলা প্রকৌশলী বলতে পারবেন। তিনি দাবি করেছেন, নিজ লাইসেন্সে ওপেন টেন্ডার ম্যাথোড (ওটিএম) পদ্ধতিতে ১০ শতাংশ কমে কাজটি পেয়েছে নাহিদ এন্টারপ্রাইজের। একই লাইসেন্সে উপজেলায় অন্য ছোট দুটি কাজ ছাড়া কোনো কাজ করা হয়নি।
কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, উপজেলা রিসোর্স সেন্টার মেরামত ও এসি সরবরাহ কাজের সঙ্গে অভিজ্ঞতা সনদ দিয়ে ২০১৮-১৯ ও ২০২০-২১ অর্থ বছরে ৮১ লাখ টাকায় চৌগাছা উপজেলার তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৩ লাখ টাকায় দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫২ লাখ টাকায় ঝিনাইকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০১৭-১৮ অর্থ বছরে ৭৮ লাখ টাকা ব্যয়ে উপজেলার সুখপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো নির্মাণ কাজ করেছেন নাজমুল।
গত ৬ মে চৌগাছা উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ এসবের পেমেন্ট সার্টিফিকেট দিয়েছেন। অর্থাৎ, এই ঠিকাদার যে কাজগুলো করেছেন তার নিশ্চয়ন সনদ দিয়েছেন। এছাড়াও এডিপি, জাইকা, পিইডিপি ও জিওবিসহ বিভিন্ন ফান্ডের উন্নয়ন কাজের ঠিকাদারি নিয়মিত করে থাকেন নাজমুল।
চৌগাছা এলজিইডির উপ-সহাকারী প্রকৌশলী বুলবুল আহমেদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা হলে তিনি বলেন, বিষয়টি দেখছি। চলতি বিল দাখিল করায় বিষয়টি সেভাবে দেখা হয়নি। যেটুকু কাজ হয়েছে তার চেয়ে বেশি চলতি বিল দাখিল হয়েছে কীভাবে প্রশ্ন করলে তিনি বলেন, এস্টিমেটটা অনেক আগের। বিষয়টি ভালো করে দেখছি।
এলজিইডির চৌগাছা উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী হিসাবরক্ষক ঠিকাদারি করতে পারেন না। তবে তার স্ত্রী তো সরকারি চাকরি করেন না। ঠিকাদারের প্রতিনিধি বিল দাখিল করেছেন। আর অফিসে বিল নিরীক্ষার কাজতো হিসাবরক্ষকই করে থাকেন।
৮টন এসি সরবরাহ না করেই চলতি বিল দাখিল বিষয়ে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান পরে এক টন এসি দিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। হিসাবরক্ষকের বিরুদ্ধে ঠিকাদারি করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা বলেন, বিল দাখিল হওয়ার পর খোঁজ নিয়ে জেনেছি সেখানে ৮টনের জায়গায় সাত টন সরবরাহ করা হয়েছে। ঠিকাদারকে কাজ সম্পূর্ণ শেষ করার পর বিল দাখিলের জন্য বলা হয়েছে।
এলজিইডির হিসাব রক্ষক নিজেই ঠিকাদারি করছেন জানানো হলে তিনি বলেন, এটি আমার জানা নেই। তবে হিসাবরক্ষক বারবার বিলটি ছেড়ে দেওয়ার জন্য তদবির করেছেন। তিনি নিজেই তো বিল নিরীক্ষার দায়িত্ব পালন করেন। সরকারি কর্মচারী হয়ে তিনি ঠিকাদারি করতে পারেন না।