শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরিশাল ক্লাবের সভাপতি পদে এবং সাধারণ সম্পাদককে সপদে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। এ নিয়ে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান বাদীপক্ষের নিষেধাজ্ঞা শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ-সহকারী বায়েজিদ হোসেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, বরিশাল ক্লাব লিমিটেডে অবৈধভাবে সভাপতি পদ দখল করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন ও ক্লাব পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ এনে বৃহস্পতিবার (১৩ জুলাই) সাদিক আব্দুল্লাহ ও বরিশাল ক্লাবের সেক্রেটারিকে বিবাদী করে মামলা করেন ক্লাবের সদস্য মফিজুর রহমান চৌধুরী।
মামলার পর আদালত শুনানির জন্য রেখে দেন। রোববার বাদী আইনজীবীর মাধ্যমে আরেকটি দরখাস্ত দিয়ে বরিশাল ক্লাবের সভাপতি ও সেক্রেটারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন।
আজাদ রহমান আরও বলেন, আদালত মামলার গ্রহণযোগ্যতা ও নিষেধাজ্ঞা আবেদনের শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন এবং একইসঙ্গে বরিশাল ক্লাবের সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সেক্রেটারিকে বরিশাল ক্লাব সংক্রান্ত কর্মকাণ্ডে কেন তাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।