শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা।
শুক্রবার (৩০ জুন) রাজধানীর পোস্তগোলায় এ দুর্ঘটনা ঘটে। বাবলার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুজন দে এ তথ্য জানিয়েছেন।
সুজন দে জানান, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কদমতলী থেকে জুমার নামাজ আদায় ও এলাকাবাসীর মধ্যে কুরবানির মাংস বিতরণ করে গুলশানের বাসভবনে ফেরার পথে শ্যামপুরের পোস্তগোলায় উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ বাবলার গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাবলা ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পান।
এ সময় তার গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা বাবলাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান।
সুজন দে আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে এমপি বাবলাকে সাত দিন বিশ্রামে থাকার পর্রামশ দিয়েছেন চিকিৎসকরা।
তাৎক্ষণিক আবু হোসেন বাবলাকে হাসপাতালে দেখতে যান ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।
এ দিকে বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ির চালক ও হেলপারকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা-পুলিশ। তারা দুজন মদ্যপান অবস্থায় ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।