শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪>> বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চোরদের তালিকা চিহ্নিত করে তালিকা করা হচ্ছে। এবার তাদের বিরুদ্ধে দেশের ভেতরে-বাইরে স্যাংশন আসবে। পালানোর কোনো সুযোগ নেই।
রোববার (৯ এপ্রিল) রাজধানীর দারুসসালামে ঢাকা মহানগর উত্তর দারুসসালাম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির মাধ্যমে আর ক্ষমতায় যাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। আমীর খসরু বলেন, রাজপথে তীব্র গণআন্দোলনের মাধ্যমে ফয়সালা করে আওয়ামী সরকারকে বিদায় নিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে বাংলাদেশে। গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা লাভ করবে।
সরকারের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, সংবিধানের কথা বলে সরকার আরও একবার রাতের ভোট করার পায়তারা করছে। সংবিধান কী? এই যে শামসুজ্জামানকে নিয়ে গেছেন, এটা কি সংবিধান লঙ্ঘন নয়? সারাদেশে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর গায়েবি মামলা দেওয়া কি সংবিধান লঙ্ঘন নয়? ভোট চুরি করে ক্ষমতা দখল কি সংবিধান লঙ্ঘন নয়?
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য এবিএমএ রাজ্জাক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ানুল হোসন রিয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।