শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভয়াশ্রমে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে নৌপুলিশ। এতে স্থানীয় নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) বিকাশ চন্দ্র দেসহ ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন রয়েছে পুলিশ সদস্য। গুরুতর আহত ওসি বিকাশ চন্দ্র দেকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মেঘনা নদীতে নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সবুজ সরকারের মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান করে নৌপুলিশ। এসময় সেখানে জাটকা ইলিশ নিধনকারী জেলেরা পুলিশের ওপর হামলা করে। এতে পরিদর্শক এবং আরও তিন পুলিশসহ অন্তত ১৬ জন আহত হন।
হামলায় গুরুতর আহত নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, অভয়াশ্রমে অভিযান চালানোর প্রস্তুতি নিলে সংঘবদ্ধ জেলেরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন তারা বাঁশের লাটি দিয়ে চারদিক থেকে পিটাতে থাকে। তখন উপায়ান্ত না পেয়ে নিজের জীবনরক্ষার্থে ৭ রাউন্ড ফাকা গুলি করি।
হিজলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, অভিযান চলাকালীন অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করতে যায়। তাদের বাঁধা প্রদান করলে হামলার শিকার হতে হয়। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার বলেন, সরকারের সম্পদ রক্ষা করতে গিয়ে পুলিশ প্রশাসন হামলার শিকার হয়েছে। যারা এ হামলার সাথে জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’