শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: ওরস মাহফিলে যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ উল্টে তিন নারী নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।আজ বুধবার দুপুর ১টার দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন নারী হলেন- জামালপুর সদর উপজেলার গান্দাইল এলাকার গাদুগানের মেয়ে শাহারা ওরফে শাহানা বেগম (৬০), একই উপজেলার পেচামানিক এলাকার মাহতাব আলীর মেয়ে নুর জাহান (৫০) ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গৌরাং এলাকার জাবেদ আলীর মেয়ে ফিরোজা বেগম (৬০)।
আহতরা জামালপুর সদর উপজেলার গান্দাইল ও পেচামানিক এলাকার বাসিন্দা। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই পলাশ জানান, জামালপুর সদর উপজেলা থেকে একটি পিকআপে ৩০-৩৫ জন সিরাজগঞ্জের এনায়েতপুরে ওরস মাহফিলে যাচ্ছিলেন।
দুপুরে আনালিয়াবাড়ি পৌঁছালে ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের দুই নারী নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ২১ জন আহত হয়। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।