শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক: বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই নামে একটি মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনায় নিখোঁজ ৯ জেলের মধ্যে চারজনের সন্ধান মিলেছে।
এই চারজন জেলেকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি জেলে ট্রলার উদ্ধার করেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তফা চৌধুরী জানান, ‘তালতলী উপজেলার একটি জেলে ট্রলার চারজন জেলেকে সাগরে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করেছে। তাদেরকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নিয়ে আসা হচ্ছে। বাকি পাঁচজন জেলের ভাগ্যে কী ঘটেছে, বলা যাচ্ছে না।’
উল্লেখ্য, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে পায়রাবন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় একটি মাছ ধরা ট্রলারে হামলা চালায় ২৫ থেকে ৩০ জনের একটি জলদস্যু বাহিনী।
এ সময় ওই ট্রলারে ১৮ জেলের ওপরে এলোপাতাড়ি গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করে। তখন দিশেহারা হয়ে ৯ জেলে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়।