বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>কয়েক বছরের মধ্যে বৃহত্তম সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার সম্ভাব্য অস্ত্র পরীক্ষার বিষয়ে প্রস্তুতির জন্য মূলত এ মহড়া। খবর আলজাজিরার।
কর্মকর্তারা বলছেন, কোরিয়ায় বার্ষিক গ্রীষ্মকালীন মহড়ার নামকরণ করা হয়েছে ‘উলছি ফ্রিডম শিল্ড’। যা শুরু হয়েছে সোমবার, চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
মে মাসে ইয়ুন সুক-ইয়ুল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর যৌথ সামরিক মহড়া ‘স্বাভাবিক’ করার ঘোষণা। একই সঙ্গে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা বলেন।
আলাদাভাবে দক্ষিণ কোরিয়া চারদিনের ‘উলছি সিভিল ডিভেন্স’ সামরিক মহড়া শুরু করেছে সোমবার। সরকারের প্রস্তুতি বাড়াতে মূলত এ মহড়ার আয়োজন করা হয়েছে। করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে এটি প্রথম মহড়া।
ইয়ুন বলেন, এ সামরিক ও বেসামরিক মহড়ার লক্ষ্য হচ্ছে—পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো, চিপ কারখানা এবং সাপ্লাই চেইনে ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবিলার জন্য দেশের প্রস্তুতির উন্নতি করা।
এ সামরিক মহড়া ২০১৭ সালের পর থেকে বৃহৎ। একে ওয়াশিংটন ও সিউল বলছে আত্মরক্ষামূলক হিসেবে। কিন্তু পিয়ংইয়ং বলছে, এটি আগ্রাসনের পূর্বপ্রস্তুতি। যার জন্যই তার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের উন্নয়ন জরুরি।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌ-সেনাদের অংশগ্রহণে ২০১৪ সালে অনুষ্ঠিত একটি মহড়ার দৃশ্য।যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনারা মহড়ার পূর্বপ্রস্তুতি হিসেবে গত সপ্তাহে প্রাথমিক প্রশিক্ষণ নিচ্ছিল তখনই উত্তর কোরিয়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে।
দেশটি চলতি বছর নজিরবিহীনভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া বলছে, পিয়ংইয়ং সপ্তমবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে প্রস্তুত রয়েছে।
এদিকে ইয়ুন বলেছেন, যদি নিরস্ত্রীকরণে রাজি হয় তাহলে তার সরকার পিয়ংইয়ংকে অর্থনৈতিক সহায়তা দিতে প্রস্তুত আছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী লক্ষ্য করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ক্ষেপণাস্ত্র শনাক্তের সক্ষমতা বাড়াবে এবং নতুন ইন্টারসেপ্টর ব্যবস্থা স্থাপনে চাপ দেবে।