শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের মাহমুদ রাসেলের বরিশালে নির্মিত বিলাসবহুল ৫ তলা ২ বাড়ি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি বাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওঠে আসায় তা ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয় নানা গুঞ্জন। যদিও এ সম্পদ ও বাড়ি বৈধভাবেই করেছেন বলে দাবি করেন তিনি।
রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের বাসিন্দা ডা. রাসেল। প্রশ্ন উঠেছে তিনি রাজাপুরে চাকরি করে কীভাবে এই বিশাল সম্পদের মালিক হলেন? এই টাকার আয়ের উৎস কী? স্থানীয় প্রভাব খাটিয়ে এখান থেকে তিনি অবৈধভাবে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়াও তার বিরুদ্ধে স্বাস্থ্য কমপ্লেক্সের গাছ কেটে বিলাস বহুল বাড়িতে ব্যবহার, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, রুগীর খাবারের তালিকায় নানা অনিয়ম, সরকারি বরাদ্দ গাড়ির অপব্যবহার, সরকারি বাসভবনের দুটি ফ্লাট ব্যবহার করলেও ১টির ভাড়া কর্তন, কমপ্লেক্সের বাসভবনে রোগী দেখে ফি নেওয়া, তার গাড়ি চালকের জরুরি বিভাগে রোগীদের সেবা, ক্যাডার হিসেবে যুবলীগের পারেভজ হোসেনকে নাইট র্গাট হিসাবে নিয়োগ, তার বিষয় কিছু বলিলে পালা ক্যাডার পারভেজকে দিয়ে তার রুমে মারধর করার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
প্রায়ই এসব অভিযোগের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেও দেখা যায়। সম্প্রতি তার বরিশালে ৫তলা বাড়ির ছবি ভাইরাল হওয়ার পরেই এসব অভিযোগ ব্যাপকভাবে সামনে ওঠে আসে। এ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদও ছাপা হয়েছে।
বরিশাল বাংলাবাজার এলাকায় পাঁচতলা বাড়ির ছবিসহ ফেসবুকে ভাইরাল পোস্টে উল্লেখ করা হয়, নির্মিত ভবনের জমিসহ ফ্লাটের মূল্য প্রায় ৩ কোটি টাকা। ডা. রাসেল ২০০৯ সাল থেকে রাজাপুরে কর্মরত। এরমাঝে ঝালকাঠি সদর হাসপাতালে কয়েক মাসের জন্য বদলি হলেও আবার তিনি রাজাপুরেই চলে আসেন। ওই সময় তার পরিবার রাজাপুরেই ছিলেন। মেডিকেল অফিসার পদে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। পরে বিসিএস দিয়ে এখানেই আরএমও পদে ফিরে আসেন। এরপর বরিশালে ২০২১ সালে বাড়ির কাজ শুরু করে একই বছর শেষ করা হয়।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, এটি আমার বাড়ি। আমি কি বাড়ি করতে পারি না? তবে তিনি তার বাড়ির ছবি ভাইরালের বিষয়ে রাজাপুরের সোহাগ ক্লিনিকের মালিক আহসান হাবিব সোহাগকে দোষারোপ করেন। তার ক্লিনিকে ডা. রাসেলকে চেম্বার কররা জন্য চেষ্টা করেও না পাওয়ায় এসব করা হয়েছে।
সোহাগ ক্লিনিকে বিভিন্ন সময় নানা অনিয়মের কারণে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায়ও ক্লিনিক মালিক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ব্যাংক ও ব্রাক থেকে লোন এবং বন্ধুর কাছ থেকে ধার নেওয়া টাকায় এ বাড়ি করেছেন বলে জানান তিনি। এছাড়াও তার স্ত্রীর শেয়ার আছে এই সম্পদে। ইনকাম ট্যাক্স, ভ্যাটসহ সরকারের যাবতীয় নিয়ম মেনে বৈধ উপায়ে ডা. রাসেল সম্পদ ও বাড়ির মালিক বলে দাবি করেন।
তবে রাজাপুর সোহাগ ক্লিনিকের মালিক আহসান হাবিব সোহাগ বলেন, তিনি (ডা. রাসেল) তো কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নন। আমার এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা অল্প ভিজিটে রোগী দেখেন। ডা. রাসেল ৫০০ টাকা ভিজিট নেন সরকারি বাস ভবনের চেম্বারে। তিনি আমার ক্লিনিকের প্যাথলজি রিপোর্ট দেখেন না। তাকে আমার ক্লিনিকে নেওয়ার প্রশ্নই আসে না। এখন তার বিলাসবহুল বাড়ির ছবি ভাইরাল হওয়ায় এসব বাজে বকছেন।
সম্প্রতি ভাইরাল হওয়া ডা. রাসেলের বাড়ি ও সম্পদের বিষয়ে ঝালকাঠি সিভিল সার্জন ডা. সিহাব উদ্দিন বলেন, ফেসবুকে আমিও দেখেছি। তিনি কীভাবে কী সম্পদ করেছেন এসব বিষয়ে তদন্ত করা আমার দায়িত্বে পরে না। বাড়ি বা সম্পদ যে কেউ করতেই পারে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা তদন্ত করা হবে।