বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>ইউক্রেন সংকট নিয়ে চলমান উত্তেজনার মধ্যে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম পোল্যান্ডে পৌঁছাতে শুরু করেছে। ইউরোপে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে শক্তিশালী করতেই এই সরঞ্জাম পাঠানো হচ্ছে।
পাশাপাশি সংকটের কূটনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। আলোচনার মাধ্যমে সংকট নিরসনের জন্য সোমবার মস্কো সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন। বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।
ইউক্রেন সীমান্তে দীর্ঘ সময় ধরে লাখো সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। পশ্চিমাদের দাবি, দেশটিতে অভিযান চালানোর পরিকল্পনা করছে মস্কো। তবে এ দাবি ক্রেমলিন প্রত্যাখ্যান করলেও মানতে নারাজ পশ্চিমারা।
শুক্রবার পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাশজ্যাক বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি ‘আগাম দল’ পোল্যান্ডে পৌঁছেছে। এ নিয়ে টুইটারে একটি পোস্টও করেন তিনি। সি-১৩০ হারকিউলিস মডেলের একটি পরিবহন বিমান থেকে সেনা সদস্যরা সামরিক সরঞ্জাম খালাস করছেন- এমন একাধিক ছবি ওই পোস্টে সংযুক্ত করে মন্ত্রী লেখেন, এটি মিত্রদের মধ্যকার সংহতির একটি স্পষ্ট সংকেত।
উত্তেজনার মধ্যে পশ্চিমারা একদিকে ইউরোপে সামরিক শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে ইমানুয়েল সোমবার মস্কো সফর করছেন। সেখানে পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনে হামলা এড়াতে সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করবেন।
ইউরোপের সবচেয়ে প্রভাবশালী দেশ জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস ১৪ ফেব্রুয়ারি কিয়েভ সফরে যাচ্ছেন। সেখানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ১৫ ফেব্রুয়ারি মস্কো যাবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, আগামীকাল ওয়াশিংটনে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মুখোমুখি বসবেন ওলাফ। রাশিয়া-ইউক্রেনের সংকট সমাধানের কূটনৈতিক উপায় খুঁজতে আলোচনা করবেন তারা।