বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক>> স্বামীসহ বরিশাল বিশ্ববিদ্যালয় এর ছাত্রীকে হেনস্তা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এবার স্থানীয় ওয়ার্ড মেম্বর সাইদুল আলম লিটনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে একই মামলার আসামি লিটন মেম্বরের সহযোগী জাহিদ হোসেন জয়কে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ। সে বর্তমানে কারাগারে আছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর কোম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গীর আলম বলেন, র্যাব এর অভিযানকারী দল বরিশাল শহর থেকে আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। গুরুত্বপূর্ণ মামলা তাই র্যাব তাকে গ্রেপ্তার করেছে। আসামিকে থানায় হস্তান্তর করা হবে।
এদিকে গত বুধবার রাত ১০টায় মাদারীপুর থেকে মামলার প্রধান আসামি জাহিদ হোসেন জয়কে গ্রেপ্তার করে পুলিশ।
গত মঙ্গলবার রাতে জাহিদ হোসেন জয়, মাকুন মোল্লা ও চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল আলম লিটনের নাম উল্লেখ ও আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ভুক্তভোগী ছাত্রীর স্বামী সোহাগ হাসান বাদী হয়ে মামলা করেন।