বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>> ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের রাজনৈতিক ব্যুরোর একজন সদস্য জানিয়েছেন, দেশটিতে বোমাবর্ষণে মার্কিন ও ইসরায়েলি সরকারের যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। আমেরিকান ও ইসরায়েলি যুদ্ধবিমান সানা ও অন্যান্য ইয়েমেনি প্রদেশে বোমা হামলায় জড়িত। ইয়েমেনি ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের রাজনৈতিক ব্যুরোর সদস্য আলী আল-কাহৌম গতকাল বুধবার এ তথ্য জানান।
আল-কাহৌম বলছেন, আগামী দিনে শত্রুদের জন্য নতুন চমক আসছে। হামলাকারী সৌদি জোটের আক্রমণের জবাব দেওয়া একটি আইনি অধিকার হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক মিত্ররা ইয়েমেনের সাবেক রাষ্ট্রপতি মানসুর হাদির সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়। তারা আনসারুল্লাহ আন্দোলন বা হুথিদের দমন করতে ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে।
২০১১ সালে একটি অভ্যুত্থানের পর ইয়েমেনে স্থিতিশীলতা আনতে দীর্ঘকালীন স্বৈরাচারী প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ তার ডেপুটি মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মানসুর হাদি জিহাদিদের আক্রমণ রুখে দেওয়া, দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমানোর জন্য লড়াই শুরু করেন।
হুথিরা ইয়েমেনের জাইদি শিয়া মুসলিম সংখ্যালঘু। তারা সালেহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং একটি সিরিজ লড়াই শুরু করেছিল। ২০১৪ সালের শুরুর দিকে সাদা প্রদেশে তাদের উত্তর কেন্দ্রস্থল দখল করে এবং তারপরে দক্ষিণ দিকে অগ্রসর হতে শুরু করে।
পরে সৌদি আরব মানসুর হাদি সরকারকে সমর্থন দিয়ে জোট বাহিনী গঠন করে। বর্তমানে ইয়েমেনে সৌদি জোটের হামলায় দুর্ভিক্ষ নেমে এসেছে। হুথিরাও প্রতিশোধ হিসেবে সৌদিতে রকেট হামলা অব্যাহত রেখেছে।
পরিবর্তনের ব্যাপারে হতাশ হয়ে অনেক সাধারণ ইয়েমেনি সুন্নিসহ হুথিদের সমর্থন করেছিল। ২০১৪ সালের শেষের দিকে এবং ২০১৫ এর শুরুতে বিদ্রোহীরা ধীরে ধীরে রাজধানী সানা দখল করে নেয়।