শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম- এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর না হলে আমরা বিশ্বের বুকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিতি লাভ করতাম না। তিনি না থাকলে আজ আমরা বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়াতে পারতাম না। বঙ্গবন্ধুর কন্যা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে রাত দিন কাজ করে যাচ্ছেন।
রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বরিশাল শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ড. মোহাম্মদ এয়াকুব হোসেনের কাছ থেকে জানতে পারলাম আপনাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৩১১ কোটি টাকার একটি অর্থ বরাদ্দ হয়েছিলো। কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছি, আপনাদের অনেক মাদ্রাসার রেজিষ্ট্রি করা আছে, মোবাইল নম্বর দেয়া আছে কিন্তু মাঠে সে মাদ্রাসাগুলো নেই।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষকদের যে সমস্যার কথাগুলো আজ বলা হলো এগুলো সমাধানে সরকার অবশ্যই এগিয়ে আসবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাহায্যুতের নামাজ পড়েন প্রতিদিন। মাদ্রাসার শিক্ষার প্রতি তার একটা টানও রয়েছে। বাংলা-ইংরেজী ভাষার সাথে মাদ্রাসার শিক্ষার্থীরা যেন সমান তালে এগিয়ে আসতে পারে সেটা তিনি চান। তাহলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গড়ার সে লক্ষে আমরা পৌছাতে সক্ষম হবো।মাদ্রাসার শিক্ষার্থীদের যদি অন্যান্য শিক্ষার্থীদের সাথে এককাতারে নিয়ে আসতে না পারি তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৮ সাল থেকে আপনাদের বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে।আমি জানি আপনাদের কষ্ট, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে বেতন পান, একই মর্যাদার হলেও সেটি আপনারা পান না।
তিনি বলেন, একটি মাদ্রাসা কিংবা স্কুল করতে হলে নিয়ম হলে শিক্ষা দফতরের কাছ থেকে পারমিশন নিয়ে করতে হবে। কারণ যে এলাকার জন্য একটি প্রাইমেরি স্কুল বা মাদ্রাসা খোলা হবে সেটি সেখানে দরকার আছে কিনা ওই অধিদপ্তর তা বলতে পারবে।
তিনি বলেন, আমার কাছে প্রাইমেরি বা হাইস্কুলের সুপারিশের জন্য আসেন। আবার অনেকে বলছেন প্রতিষ্ঠানটি অনেকদিন চালিয়েছি এটি এমপিওভুক্তি না করলে সরকার টাকা না দিলে আর চালাতে পারছি না। আমার প্রশ্ন হলো, আপনারা যখন শুরু করেন, তখন খেয়াল থাকেনা যে সরকারের সাহায্য ছাড়া দীর্ঘদিন চালাতে পারবেন না। সরকার কতগুলো স্কুল, মাদ্রাসা, হাইস্কুলের দায়িত্ব পালন করবেন। শুরুতে সরকারের পারমিশন নেন না, কিন্তু যখন মাঝপথে এসে থেমে গেছেন তখন সরকারের কাছে এসে হাজির হয়েছেন। আমি এ কথাগুলো বললাম কারণ, দয়া করে যতগুলো হয়েছে সেই পর্যন্ত খান্ত দেন, আর এলোপাতাড়ি মাদ্রাসা বাড়াবেন না। সরকার সমীক্ষা করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি বলেন, আমরা প্রায়ই দেখতে পাই রাস্তার পাশে বাচ্চা ছেলেদের একটি চাদর দিয়ে দার করিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করে জানতে পারছি মাদ্রাসা করার জন্য চাঁদা তোলা হচ্ছে। এভাবে করে রাস্তা-ঘাট, অলিতে-গলিতে মাদ্রাসা খোলা হয়েছে। এরফলে সঠিক কত মাদ্রাসা রয়েছে তার হিসেব সরকারকে দেয়া হয়নি।সরকার যে একটা প্লান করবে তার জন্য সঠিত তথ্যের তো প্রয়োজন আছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, তিনি কখনো চাইবেন না কোন লোক বা প্রতিষ্ঠান টাকার অভাবে ভোগেন। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চান দেশের উন্নয়ন করতে হলে সকলের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। আগের কোন সরকার আপনাদের কোন দাবি দাওয়া কি মেনে ছিলো? কিন্তু এই সরকারই কিন্তু আপনাদের দাবি-দাওয়া কিছুটা মেনেছেন, বেতন বাড়িয়েছেন এবং শিক্ষকদের বেতনের তারতম্যের বিষয়ে সরকার অকিবহাল রয়েছেন।
তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। তবে আমি জানতে পেরেছি শিক্ষা মন্ত্রনালয় ইবতাদায়ী মাদ্রাসার জন্য কাজ করে যাচ্ছে। তাদেরকে সময় দিতে হবে কারন এটা একটি বিশাল ব্যাপার। আমি শিক্ষামন্ত্রীর কাছে আপনাদের সমস্যাগুলোর কথা নিয়ে যাবো। আপনাদের মনে রাখতে হবে সরকারের প্রতি আস্থা রাখতে হবে। এই সরকার গত ১০-১২ বছরে দক্ষিণাঞ্চলসহ দেশের যে উন্নয়ন করেছে তা আগের কেউ করেনি। তাই আপনাদের ধৈর্য্য ধরতে হবে শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার রাজনৈতিক নেতা-কর্মীদের সবসময় বলি শুধু সার্টিফিকেট নিয়ে ডিগ্রি পেলে হবে না, সঠিকভাবে শিক্ষিত হতে হবে।
স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সমন্বয়কারী আলহাজ্ব হাফেজ কাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, ঢাকা আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ এয়াকুব হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মুখপাত্র জয়নাল আবেদীন জিহাদী এবং মোঃ শামছুল আলম প্রমুখ।
বিভাগীয় শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুহাঃ বশির উল্লাহ আতাহারীর উপস্থাপনায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম ফরাজির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের আওতাধীন সকল জেলার সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা প্রতিনিধিগণ।’