শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> চলমান পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সভা শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৯০তম মুলতবি সভা অনুষ্ঠিত হয়।
তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
এর আগে চার ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে আগামীকাল (২৮ নভেম্বর) এক হাজার ইউপিতে ও চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বরে।