বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এখানে এসেছিল। দুপুরে মতামত দিয়ে সেটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।
এ সংক্রান্ত আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে আইনমন্ত্রী মতামত দিয়ে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠান।
কী মতামত দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটি এখন প্রধানমন্ত্রীর কাছে যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর আগে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এর আগে গত ২৮ আগস্ট এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। আইনীভাবে প্যারোলে মুক্ত থাকা অবস্থায় একই বিষয়ে দ্বিতীয় দফা আবেদন নিস্পত্তির সুযোগ নেই।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেছিলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে আবারও তাকে জেলে যেতে হবে। এরপর নতুন করে তাকে আবেদন করতে হবে। কারণ যে আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, তার আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই। সেই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে।