বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
কেশবপুর প্রতিনিধি >> কেশবপুরে গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, যশোর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাগরদাঁড়ি-চিংড়া বাজারগামী সড়কের জনৈক আমানত চেয়ারম্যানের আম বাগানের পাশে অভিযান পরিচালনা করেন।
এ সময় বাগানের পাশের সড়ক থেকে সাতক্ষীরা সদরের নাসির মোড়লের ছেলে আবদুল্লাহ মোড়ল (৩৭) ও একই জেলার আশাশুনি উপজেলার সোহরাবপুর গ্রামের মনিরুল সরদারকে (২৬) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে শুক্রবার যশোর আদালতে সোপর্দ করা হয়।