সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> রাজধানীর বনানী থানায় র্যাবের দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন দুই দিনের মধ্যে নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পরীমণির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে বিচারিক আদালতের আদেশ কেন বাতিল করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।
গত ২২ আগস্ট মাদক মামলার কারাগারে আটক পরীমনির জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন ঢাকার বিচারিক আদালত। পরে ওই আদেশ চ্যালেঞ্জ করে বুধবার হাইকোর্টে আবেদন করেন পরীমিণি। আবেদনে জামিনও চাওয়া হয়। পরীমণির পক্ষে আবেদনটি করেন আইনজীবী মুজিবুর রহমান।
ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রুল জারি করেন।
আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু এহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
গত ৪ আগস্ট বিকেলে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়।
৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর তিন দফায় আদালতের নির্দেশে পরীমনিকে রিমান্ডে নেয় পুলিশ। সবশেষ ২১ আগস্ট পরীমণিকে তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম কারাগারে পাঠানোর আদেশ দেন।