সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশালগামী ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (৩০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ শিবচর হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। সে বরিশাল সদর উপজেলার রায়পাশা গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ভাঙ্গার চুমুরদি নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শিবচরগামী মোটরসাইকেল এবং বরিশালগামী পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য মাহফুজুর রহমান আহত হয়।
পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পিকআপ চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পিকআপ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।