শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> বাসের অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে, বিপরীতে যাত্রীদের গুণতে হবে ৬০ শতাংশ বেশি ভাড়া করোনার কারণে এমন নিয়ম প্রথম চালু হয়েছিল গত বছরের জুনে। চলতি বছরের এপ্রিলে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের লক্ষ্যে একই হারে বাড়ানো হয় লঞ্চ ভাড়াও। বিধিনিষেধ শিথিল হওয়ায় আগামী কাল থেকে গণপরিবহনে ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী পরিবহন করার অনুমতি দিয়েছে সরকার। একইসঙ্গে প্রত্যাহার করা হয়েছে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া।
অন্যদিকে গত বছরের জুনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের জন্য বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সব সিটে যাত্রী পরিবহনের অনুমতি দেয়ায় কাল থেকে বাসের বর্ধিত ভাড়াও প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
কাল থেকে দূরপাল্লার পথে ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, ঢাকা ও এর আশপাশে মিনিবাসে প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা এবং বড় বাসে প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা হারে ভাড়া আদায় করা হবে। মিনিবাসে সর্বনিম্ন ৫ টাকা ও বড় বাসে সর্বনিম্ন ৭ টাকা ভাড়া আদায় করতে পারবেন পরিবহন মালিক-শ্রমিকরা।
ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের জন্য গত এপ্রিলে যাত্রীবাহী নৌযানের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আগামী কাল থেকে লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নিয়ম শিথীল হয়ে যাওয়ায় বর্ধিত ভাড়া বাতিল করেছে সংস্থাটি। বিআইডব্লিউটিএ আজ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটিএ’র ২৩ এপ্রিল ২০১৩ সালে জারিকৃত আদেশ আগামী ১১ আগস্ট ২০২১ থেকে পুনরায় কার্যকর হবে।
২০১৩ সালের ২৩ এপ্রিল জারিকৃত আদেশ অনুযায়ী, প্রতি ১০০ কিলোমিটারের মধ্যে গন্তব্যের জন্য প্রতি কিলোমিটারে লঞ্চ যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হয় ১ টাকা ৭০ পয়সা। আর ১০০ কিলোমিটারের বেশি পথে গন্তব্যের জন্য ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৪০ পয়সা। লঞ্চের জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ১৮ টাকা।