শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। রোববার (৮ আগস্ট) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিন থেকে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে। আসন সংখ্যার সমপরিমান যাত্রী নিয়ে গণপরিবহন চলবে। তবে, জেলার মোট পরিবহনের অর্ধেক রাস্তায় চলতে পারবে।
এতে বলা হয়েছে, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুসরণ করে খোলা থাকবে। সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
শপিংমল, মার্কেট, দোকানপাট স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সব শিল্পকারখানা চালু থাকবে। হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।
সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমান যাত্রী নিয়ে গণপরিবহন বা যানবাহন চলতে পারবে। সড়ক পথের গণপরিবহনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (বিভাগীয় কমিশনার ও ডিসি) নিজ নিজ অধিক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও মালিক শ্রমিকদের সাথে আলোচনা করে মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।
গণপরিবহন, বিভিন্ন দপ্তর মার্কেট ও বাজারসহ যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানায় অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এর আড়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
প্রতিমন্ত্রী বলেন, বিধিনিষেধ আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। ১১ তারিখ থেকে যেটি চিন্তাভাবনা চলছে সেটি হলো- ধাপে ধাপে পর্যায়ক্রমে শিথিল করা। আমাদের করোনা শনাক্তের হার একটু কমছে, কিন্তু মৃত্যুর হার ২০০ এর ওপরে আছে। সে বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে।