শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয় (রিজার্ভ) একের পর এক রেকর্ড গড়ছে। এখন দেশে রিজার্ভ প্রায় ৪৫ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রতি ডলার ৮৫ টাকা ধরে রিজার্ভের পরিমাণ ৩ লাখ ৮৬ হাজার কোটি টাকা। যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। চলতি বছরের ১৭ জুন পর্যন্ত রিজার্ভ ২৬.১৫ শতাংশ বা ৯.৪২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থবছরের শুরুতে অর্থাৎ ৩০ জুন যা ছিল ৩৬.০৩ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) দেশে ২ হাজার ২৮৩ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৯৪ হাজার ১১৪ কোটি টাকা)। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি বাংলাদেশে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের ৩ মে দেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪৫ বিলিয়ন ডলার অতিক্রম করে। একইদিনে রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রিজার্ভ ৪৪.০২ বিলিয়ন। তারও আগে ৩০ ডিসেম্বর রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার, ১৫ ডিসেম্বর ৪২ মিলিয়ন ডলার এবং ২৮ অক্টোবর রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ২০২০ সালের অক্টোবর মাসে দেশের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করে। গত ডিসেম্বরে ৪২ বিলিয়ন ডলার ছাড়ায়।
গত ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৩৭ কোটি ২০ লাখ ডলার। চলতি অর্থবছরে ১১ মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৩৯ দশমিক ৪৯ শতাংশ।