শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে ১৫টি গ্রামকে পাইলটিং হিসেবে নিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি কারিগরি প্রকল্প তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের অপেক্ষায় আছে। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে গুচ্ছভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
দেশের প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়নে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির দ্বিতীয় সভাশেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘কমিটিগুলো ঘনঘন সভা করে নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবে এবং সিদ্ধান্তসমূহ কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির সভাপতির কাছে উপস্থাপন করবে।’
তিনি বলেন, ”গ্রামে শহরের সুযোগ-সুবিধা দিতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ইতিমধ্যে গ্রামে উন্নত নাগরিকসেবা পৌঁছে দিতে কাজ করছে। ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের পাশাপাশি আর কী কী প্রকল্প নিতে হবে গুচ্ছ কমিটি তা নির্ধারণ করবে। এর ফলে ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের কাজে গতি আসবে।”
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।