মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। ২০১৮ সালের এই দিনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালনের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দলটি। তারা বলছে, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হয়। জনগণের আস্থা ও জনসমর্থন আছে বলেই জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করছে। এজন্য আজ ৩০ ডিসেম্বরকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে। দলটির কেন্দ্র, মহানগর, জেলা-উপজেলাসহ সারা দেশেই দিবসটি পালন করা হচ্ছে। এদিকে দিনটিকে জাতীয় কলঙ্কময় কালো দিবস চিহ্নিত করে নতুন নির্বাচনের দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। তাদের এমন কর্মসূচিকে রাজনৈতিক প্রতিহিংসা বলছে আওয়ামী লীগ। বিএনপি জনবিছিন্ন হয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে— দাবি আওয়ামী লীগের। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক অনুসন্ধানকে বলেন, আওয়ামী লীগ জনগণের দল। এই দলের নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এজন্য দেশের জনগণ যেকোনো নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন দিচ্ছেন, ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করছেন। তারা (বিএনপি) বলছে, ৩০ ডিসেম্বর জাতীয় কলঙ্কময় কালো দিবসের দ্বিতীয় বছর। মূলত বিএনপি জনবিছিন্ন হয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা কখনো উন্নয়ন ও অগ্রগতি মেনে নিতে পারে না এবং চোখেও দেখে না। ৩০ ডিসেম্বর নিয়ে বিএনপির বিরোধিতা রাজনৈতিক প্রতিহিংসা। আ.লীগ সূত্র জানায়, একাদশ জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। ২০১৮ সালের এই দিনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্যদিয়ে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আওয়ামী লীগ। দলটির ক্ষমতার দীর্ঘ সময়ে যেমন দেশের উন্নয়ন হয়েছে, তেমনি ভোটের মাধ্যমে জনগণের রায় ও জনসমর্থনের মধ্যদিয়ে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। গত তিনটি সংসদ নির্বাচনে ভোটের মাঠে নৌকা প্রতীকের নিরঙ্কুশ বিজয় অর্জন, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় অর্জন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় অর্জন এবং বেশ কয়েকটি সংসদীয় আসনে উপনির্বাচনেও নৌকার মনোনীত প্রার্থীরা ভোটের মাঠে জয়লাভ করেছেন। এছাড়া সর্বশেষ গত সোমবার প্রথম ধাপে অনুষ্ঠিত ২৪টি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীদের জয়জয়কার। আর ক্ষমতাসীন দলটির ভোটের মাঠে এমন সফলতার জন্য দীর্ঘদিন ধরেই কঠোর পরিশ্রম করছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী নেতৃত্বে বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে ভোটের রাজনীতিতে সফল আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ভোটের মাঠেও ঐক্যবদ্ধ দলটির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব ও দূরদর্শিতায় ভোটের রাজনীতিতে দুর্বারগতিতে সফলতার সিঁড়িতে পৌঁছে গেছে আওয়ামী লীগ। আওয়ামাী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ভোটের মাধ্যমে জনগণের রায় কিংবা জনসমর্থনের মধ্যদিয়ে জনগণের আস্থা প্রতিফলিত হয়। দল ও সরকারের প্রতি জনগণের সেই আস্থা ও জনসমর্থন আছে বলেই জাতীয় কিংবা স্থানীয় সরকারের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করছে। জনগণের ভোটের রায়ই আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক শক্তি। জনসমর্থন নিয়েই আমাদের এই সফলতার পথচলা। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হয়। বৃদ্ধি পায় গণতান্ত্রিক পরিধি। জনগণের সেই ভোটের রায় নিয়েই আজ আওয়ামী লীগ সরকার দেশের নানামুখী উন্নয়ন করে যাচ্ছে। এজন্য ৩০ ডিসেম্বরকে আওয়ামী লীগ গণতান্ত্রিক বিজয় দিবস ঘোষণা দিয়েছে। কেন্দ্র, মহানগর, জেলা-উপজেলাসহ সারা দেশেই দিবসটি পালন করা হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেই দেশ আজ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বের ওপর দেশের প্রতিটি মানুষের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে। দেশের প্রতিটি জনগণ মনে করেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাতেই দেশের উন্নয়ন এবং নিরাপদ। তাই জাতীয় কিংবা স্থানীয় সরকারের নির্বাচনে দেশের জনগণ নৌকার ওপর আস্থা রাখছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই মানুষের কল্যাণে কাজ করছে। যা দেশের অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি। তারা জনগণের স্বার্থে কাজ করতে ব্যর্থ। তাই দেশের উন্নয়নে যেমন আওয়ামী লীগ সফল, ভোটের মাঠে জনগণের আস্থা অর্জন করতেও সফল।