মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, চলমান উন্নয়নে সরকার সব মানুষকে সঙ্গে রাখার যে নীতি গ্রহণ করেছে তার ধারাবাহিকতায় দরিদ্র, ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে ঘর নির্মাণ করে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, অচিরেই দেশ থেকে দরিদ্র দূর করা হবে, কেউ আর আশ্রয়হীন থাকবে না। মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় শ্রীমঙ্গলে ৪৬ লাখ টাকা ব্যয়ে গৃহ ও ভূমিহীনদের জন্য ২৭টি ঘর নির্মাণের ভিত্তি স্থাপনের এক অনুষ্ঠানে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এ কথা বলেন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬শে ডিসেম্বর সকালে এসব ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেসার উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প অফিসার আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। দেশের এই উন্নয়নে সরকার সব মানুষকে সঙ্গে রাখার যে নীতি গ্রহণ করেছে তার ধারাবাহিকতায় দরিদ্র, ভূমি ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে ঘর নির্মাণ করে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, অচিরেই দেশ থেকে দরিদ্র দূর করা হবে, কেউ আর আশ্রয়হীন থাকবে না।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জেলার প্রতিটি গৃহহীন পরিবারকে পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেয়া হবে- সে লক্ষ্যে এই আশ্রয়ণ প্রকল্প হাতে নেয়া হয়েছে। আজ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রতিটি ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ২৭টি ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলায় ৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মোট ৩শ’টি ঘর নির্মাণ করা হবে। তিনি বলেন, জেলার সব গৃহহীন মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।