মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেনি তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। একটি দল স্বাধীনতার বিপক্ষ শক্তি বলায়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। নিজেরা ব্যর্থ হয়ে এখন পরাশ্রয়ী আন্দোলনই তাদের ভরসা। জনগণ সাড়া দিচ্ছে না। ধর্মের খোলসে অধর্ম আর গণতন্ত্রের বুলি মুখে নিয়ে ক্ষমতায় যেতে চোরাগলি খোঁজা তাদের পুরনো অভ্যাস। রাজনীতিকে জনমানুষের কাছ থেকে তারা বিদেশিদের দূতাবাসের দরজায় নিয়ে গেছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশি কোন সংস্থা তাদের ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় যেতে হলে জনমানুষের কাছে যেতে হবে, বঙ্গবন্ধুর মতো, শেখ হাসিনার মতো। তিনি বলেছেন, প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্বের লক্ষ্য ছাড়া আর কিছুই না। আলোচনা সভায় কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিতে পারবে না। কেউ ভাস্কর্যে হাত দেবার চেষ্টা করলে প্রতিহত করা হবে। আর পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ভাষণ অন্তর্ভূক্ত করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য আরও রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীসহ দলীয় নেতারা বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয় থেকে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।