মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন নিউজ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুরা যাতে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে আবার ফিরে আসতে পারে এবং পুনরায় তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করতে পারে সেজন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। ভবিষ্যতে ভালো দিন আসবে, আমাদের শিশুরা তাদের স্কুলে যেতে সক্ষম হবে, তারা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা শুরু করবে। আমরা সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি।
আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মিরপুর সেনানিবাসের জাতীয় প্রতিরক্ষা কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সে ‘জাতীয় প্রতিরক্ষা কোর্স-২০২০’ ও ‘সশস্ত্র বাহিনী যুদ্ধ কোর্স-২০২০’-এর স্নাতক অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার কোভিড-১৯-এর জন্য স্কুল খুলতে পারছে না এবং এজন্য অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেয়ার ব্যবস্থা করা হয়েছে। সর্বোপরি শিশুরা যদি তাদের স্কুলে যেতে না পারে তবে এটি তাদের ওপর মানসিক চাপ তৈরি করে। তিনি আবারও করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।