সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া : সারা দেশে “উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন”র ডাকে চলমান লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে বানারীপাড়ায়ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শ, সহকারী পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা ৪ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছেন। তাদের টেকনিক্যাল গ্রেড পদে উন্নীত করা ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ২৬ নভেম্বর থেকে ইউনিয়নগুলোর সব টিকাদান কেন্দ্র বন্ধ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
গত ১২ দিন ধরে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাতীত ৮ টি ইউনিয়নের ১৯২টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম অচল হয়ে পড়েছে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শিশু ও কিশোরীরা টিকা নিতে গেলেও কর্মচারীদের লাগাতার কর্মবিরতির কারণে নিতে না পেরে নিরূপায় হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন শিশুদের অভিভাবক ও কিশোরীরা। কবে নাগাদ টিকা দেওয়া শুরু হবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে হাজারো শিশু ও কিশোরীরা।
এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, যত দিন দাবি পূরণ করা হবে না, তত দিন কাজে ফিরে যাবেন না তারা।