সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানের অন্তত ৭০ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তাবাহিনীর এই অভিযানে হেলমান্দ প্রদেশের তালেবানের ডেপুটি গভর্নর মাওলাভি গাফুর আটক হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান স্থানীয় সংবাদমাধ্যম, হেলমান্দ প্রদেশের নাওয়া এবং নাহারি সেরাজ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ তালেবান নিহত হয়েছেন। তবে এই অভিযানে নিরাপত্তা বাহিনীর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেবিষয়ে কিছু জানাননি তিনি।
নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে বিদ্যুতের একটি সাব স্টেশন ধ্বংস হয়েছে। যে কারণে কান্দাহার ও হেলমান্দ প্রদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত কয়েকদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সরকারি সেনা এবং তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। আফগান সরকার এবং তালেবান নেতারা যখন কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা শুরু করেছেন; তখন এসব সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম কঠিন হয়ে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।