শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: থানায় নিয়ে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পল্লবী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অন্য দুই আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। থানা হেফাজতে মৃত্যুর ঘটনায় এটিই প্রথম রায়। আমরা আশা করবো এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে এই রায় কার্যকর ভূমিকা রাখবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের এটি প্রথম রায়। এ মামলায় ২৪ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল, এএসআই কামরুজ্জামান মিন্টু। সাত বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-সোর্স সুমন ও রাশেদ।
২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি মিরপুর-১১ নম্বর সেক্টরে স্থানীয় সাদেকের ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে পুলিশের সোর্স সুমন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় জনি ও তার ভাই সুমনকে চলে যেতে বলেন। সুমন চলে গেলেও পরদিন এসে আবার আগের মতো আচরণ করতে থাকেন। তখন জনি ও তার ভাই তাকে চলে যেতে বললে সুমন পু্লিশকে ফোন করে তাদের ধরে নিয়ে যান। তাদের নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন ধাওয়া দিলে পুলিশ গুলি ছোড়ে। পরে থানায় নিয়ে জনিকে নির্যাতন করা হয়। একপর্যায়ে জনির অবস্থা খারাপ হলে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা আরও খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন নিহত জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি। মামলার অন্য আসামিরা হলেন-পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমান জাহিদ, এসআই আবদুল বাতেন, এসআই রাশেদ, এসআই শোভন কুমার সাহা, কনস্টেবল নজরুল, সোর্স সুমন ও রাসেল।
পুলিশের কাজ হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। মানুষের জানমাল রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা চালাবে এটিই কাম্য। কিন্তু তারাই যখন মানুষের জীবন কেড়ে নেন এরচেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে! সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত তাড়ানো যায় না। তাই পুলিশ বাহিনীকে কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে। পুলিশ হেফাজতে যারা থাকবেন তারা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকবেন। হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুর দায় পুলিশ কিছুতেই এড়াতে পারে না। আদালতের রায়েও এরই প্রতিফলন দেখা গেছে। আমরা আশা করবো সকল আইনি ধাপ পার করে পুলিশের সাজা নিশ্চিত করা হবে।
ইংরেজি POLICE শব্দের বিশ্লেষণ করলে দাঁড়ায়- P – Polite, O – Obedient, L – Loyel, I – Inteligent, C – Courageous, E – Efficient। এই বহুগুণে গুণান্বিত মানবিক পুলিশই মানুষ জন দেখতে চায়।
পুলিশের কাজ হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। মানুষের জানমাল রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা চালাবে এটিই কাম্য। দিন দিন পুলিশের কর্মপরিধি বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে পুলিশের সক্ষমতাও। একটি স্বাধীন দেশের পুলিশ বাহিনী জনবান্ধব হবে- এটি একটি সাধারণ প্রত্যাশা।