মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ খালেদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
পুলিশ সুপার জানান, পুলিশ সদর দফতরের দেয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ওসি আশীষ কুমার মৈত্র একদল ফোর্স নিয়ে বুধবার (২২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে বিশ্বনাথ থানার শিমুলতলা গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী মো. খালেদ মিয়ার বাড়িতে অভিযানে যান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খালেদ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে খালেদকে নিয়ে তার বসতঘরের স্টিলের আলমারির ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
আটক খালেদ মিয়া বিশ্বনাথ থানার শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী খালেদ মিয়াকে তার ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সেটি বিশ্বনাথ পুরানবাজারস্থ আলহেরা শপিং সিটির পার্কিং এলাকায় আছে বলে জানান। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের দলটি তার দেয়া তথ্যের ভিত্তিতে আল হেরা শপিং সিটির পার্কিং এলাকা থেকে রেজিস্ট্রেশন বিহীন হিরো গ্লামার মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এসআই সৈয়দ ইমরোজ তারেক বাদী হয়ে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন। আটক খালেদ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার বলেন, সিলেট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান আরও বৃদ্ধি করা হবে। সিলেট জেলাকে মাদকমুক্ত করতে সকল শ্রেণিপেশার মানুষের সহায়তা কামনা করেন তিনি।