শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
বার্তা পরিবেশক :: বানারীপাড়ায় ঘুষের টাকা ফেরত দেওয়ায় প্রধানশিক্ষকের দুই বছর আগের সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৩ সালে লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই সময় মো. মানিক নামের এক প্রার্থীকে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম রিয়াজ আহমেদ ৩০ হাজার টাকা উৎকোচ নেন। পরে মানিকের নিয়োগ না হওয়ায় এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টির এক পর্যায়ে প্রধান শিক্ষকের পক্ষে ও বিপক্ষে দুটি গ্রুপের সৃষ্টি হয়।
লাইব্রেরিয়ান পদে নিয়োগের নাম করে ৩০ হাজার টাকা নিয়ে ফেরত না দেওয়া-সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি ও বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন ২০১৮ সালে ম্যানেজিং কমিটির সভা ডেকে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে নিজের ভগ্নিপতি সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। সেই থেকে প্রধান শিক্ষক তার বরখাস্তাদেশ প্রত্যাহারের জন্য নানাভাবে চেষ্টা করতে থাকেন। সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলমের অফিসে এ নিয়ে দু’পক্ষের মধ্যে সালিশ বৈঠক হয়।
ওই বৈঠকের সিন্ধান্ত অনুযায়ী ১১ জুন বরখাস্তকৃত প্রধান শিক্ষক এসএম রিয়াজ আহমেদ লাইব্রেরিয়ান পদের জন্য নেওয়া ঘুষের ৩০ হাজার টাকা ফেরত দিলে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভা ডেকে তার বরখাস্তাদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হয়। এ প্রসঙ্গে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম রিয়াজ আহমেদ বলেন, লাইব্রেরিয়ান পদে নিয়োগ পরীক্ষার দিন সকালে তিনি বরিশাল যাওয়ার উদ্দেশ্যে বিশারকান্দি লঞ্চঘাটে গেলে সেখানে ওই পদের প্রার্থী মো. মানিকের চাচা দেলোয়ার হোসেন তার কাছে এসে সভাপতির বরাত দিয়ে ৩০ হাজার টাকা তাকে দেন। পরে সেই টাকা নিয়ে তিনি বরিশালে নিয়োগ পরীক্ষার স্থলে গিয়ে অধ্যক্ষ নিজামউদ্দিনের হাতে দিলে অধ্যক্ষ নিজাম উদ্দিন নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সেই টাকা থেকে ১৩ হাজার টাকা খরচ করেন।
এছাড়া প্রধান শিক্ষক আরো দাবি করেন, তাকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া-সহ বিভিন্নভাবে চাপ দিয়ে অধ্যক্ষ নিজাম ৩০ হাজার টাকা করে তিনবারে মোট ৯০ হাজার টাকা আদায় করেছেন। এছাড়া বিদ্যালয়ে ভোকেশনাল শাখায় জালিয়াতির মাধ্যমে একজনকে কম্পিউটার ডেমোনেস্ট্রেটর নিয়োগ দেওয়ার জন্য অধ্যক্ষ নিজাম নানাভাবে চেষ্টা করেও তাকে রাজি করতে না পারায়, লাইব্রেরিয়ান পদের জন্য নেওয়া ৩০ হাজার টাকা ইস্যু করে এবং বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করেছিলেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম বলেন, দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান এবং বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও অনুকুৃল পরিবেশ ফিরিয়ে আনতে দু’পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে সমঝোতা করে দেওয়া হয়েছে। ওই বৈঠকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ভুবনেশ্বর বাইন অভিজিৎ-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।