শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্বামীর অত্যাচার সইতে না পেরে শরীরে কেরাসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রহিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ। গুরুতর দগ্ধ ওই গৃহবধূকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ উপজেলার টিকিকাটা ইউনিয়নের ঘোষের টিকিকাটা গ্রামের মো. ইমাম হোসেনের স্ত্রী।
আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ তার স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন
লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। প্রতিবেশীরা টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম আগুনে গৃহবধূর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি ওই গৃহবধূ স্বামীর অত্যাচারে আত্মহত্যার চেষ্টায়
নিজের গায়ে আগুন দিয়েছেন বলে শুনেছি। তবে এ ব্যাপারে ওই গৃহবধূর বাবার পরিবারের পক্ষ
থেকে কেউ যোগাযোগ করেনি বা জানাননি। শুনেছি তারা ওই গৃহবধূর চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।