শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে নেমে লাশ হলেন দুই নির্মাণ শ্রমিক। শুক্রবার সকালে উপজেলার কাশিপুর ইউপির কলমদারটারী মৌজার গংগারহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউপির অনন্তপুর ভেল্লীর তর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আল আমিন ও অপরজন একই ইউপির আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে ঘোড়ার গাড়ির শ্রমিক সুজন মিয়া।
ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলার কাশিপুর ইউপির কলমদারটারী মৌজার গংগারহাট বাজারের বাসিন্দা আব্দুল আউয়ালের নির্মাণাধীন বাড়ির ২০ ফুট গভীরের একটি সেপটিক ট্যাংকে কাজ করার জন্য শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মই বেয়ে নিচে নামেন নির্মাণ শ্রমিক আল আমিন।
সেপটিক ট্যাংকে নেমে কোনো সাড়া না দেয়ায় পার্শ্ববর্তী এলাকার ঘোড়ার গাড়ির শ্রমিক সুজন মিয়া তাকে রক্ষা করার জন্য একইভাবে মই বেয়ে সেপটিক ট্যাংকে নামেন। এরপর তারও কোনো সাড়া না পাওয়ায় ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হয়।
এ সময় স্থানীয়রা নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার স্টেশনের এসও ইমনের নেতৃত্বে একটি ইউনিট ছুটে ঘটনাস্থলে আসে। টিম লিডার হাসান সরকার ও ফায়ারম্যান হাসান আলী সেপটিক ট্যাংকের কাঠের ঢাকনা খুলে অক্সিজেন নিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে দুই শ্রমিককে উদ্ধার করে তারাও জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে উদ্ধার হওয়া দুই শ্রমিককে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার শাহীন সরকার ও ফায়ারম্যান হাসান আলীকে ভর্তি করা হয় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের এসও ইমন বলেন, সেপটিক ট্যাংকের নিচে নামা দুই শ্রমিক বিষাক্ত গ্যাসে অক্সিজেন শূন্যতায় পড়ে গুরুতর আহত হয়েছেন। আমরা ৯ টা ৪৫ মিনিটি থেকে প্রায় ৩০ মিনিটের অভিযানে তাদের অক্সিজেন সাপোর্ট দিয়ে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু তারা অবশেষে মারা যান।
তিনি আরো বলেন, শ্রমিকদের উদ্ধার করতে আমাদের ফায়ার সার্ভিস টিমের লিডারসহ একজন ফায়ারম্যান আহত হয়েছেন। তাদেরকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবিউল হাাসান শুক্রবার দুপুরে বলেন, দুই শ্রমিকের মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে থানায় আসতে বলা হয়েছে। তারা আসলে তাদের সিদ্ধান্ত মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।