শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ সিলেটের চাচির ঘরে পানির ড্রামের ভেতর থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ জুন, রবিবার জেলার বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মৃতর চাচিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মৃত শিশুটির নাম আরিফ হোসেন (৩)। আরিফ উত্তর আকাখাজানার খছরু মিয়ার ছেলে। আর আটকরা হলেন- সুমা বেগম (৪২) ও নাহিদ আহমদ (২৩)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি অবনী শংকর কর জানান, পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন থেকে খছরু ও তার ভাই পৃথক বসবাস করছেন। রবিবার সকালে হঠাৎ করে শিশু আরিফ নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর তার লাশ চাচার ঘরের বাথরুমে একটি ড্রামে কম্বলে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
তিনি আরো জানান, এই খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই চাচিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।