শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক ॥ যশোরে পুলিশের নির্যাতনে এক কলেজ শিক্ষার্থীর দুটি কিডনি অকেজো হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম ইমরান হোসেন। তাকে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ওই শিক্ষার্তীর অবস্থা আশঙ্কা জনক বলেও জানান চিকিৎসকরা। ইমরান হোসেন যশোর সদর উপজেলার শাহাবাজপুর গ্রামের নিকার আলীর ছেলে। তিনি জেলার সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে ইমরান হোসেন জানান, গত বুধবার সন্ধ্যার দিকে তিনি সলুয়া বাজার এলাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় তার সাথে একই এলাকার অপর একটি ছেলে ছিলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছুলে সাজিয়ালি ক্যাম্পের পুলিশ সদস্যরা তাদের গতিরোধ করে। এরপর সাথে থাকা ছেলেটির ব্যাগ তল্লাশি শুরু করে। এ সময় ভয়ে সে (ইমরান) দৌড় দিলে পুলিশ ধাওয়া করে তাকে বেধড়ক মারপিট করে। পরে একটি ফার্মেসিতে তার জ্ঞান ফেরে। এ সময় পুলিশ তার পকেটে গাঁজা দিয়ে আটকের কথা বলে। এরপর ইমরানের বাবাকে ফোন দিয়ে তাকে ছাড়তে ২৫ হাজার টাকা দাবি করা হয়। পরে ৬ হাজার টাকা নিয়ে তারা ইমরানকে ছেড়ে দেয়। এসময় পুলিশ ইমরানকে মারপিটের ঘটনা কাউকে বললে রিমান্ডে নিয়ে ফের মারপিটের হুমকি দেয়।
তিনি আরো বলেন, ভয়ে আমি কাউকে কিছু বলিনি। তিনদিন পেটের ব্যথায় মরে যাওয়ার অবস্থা হয়েছে। সহ্য করতে না পেরে মা-বাবাকে জানাই। এরপর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। পেটের মধ্যে সব ছিঁড়ে যাচ্ছে। আমারে কোন ওষুধ শান্তি দিতে পারছে না। আমি মনে হয় বাঁচবো না।
ইমরানের মা বুলবুল বেগম জানান, এভাবে কেউ কাউকে নির্যাতন করতে পারে যে দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। ছেলেটারে শেষ করে ফেলেছে। ওর চিকিৎসা কিভাবে করাবো। বাঁচবে কিনা জানি না। আমি এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি চাই।
ভুক্তভেঅগীর বাবা নিকার আলী জানান, আমার ছেলেটা লেখাপড়া করে। এলাকায় খোঁজ নিয়ে দেখেন কোন খারাপ কাজের সাথে নেই সে। অথচ তাকে ধরে নিয়ে নির্যাতন করা হলো। ডাক্তার বলেছে তার অবস্থা খুব খারাপ। আমি জড়িত পুলিশ সদস্যদের বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার ভিক্ষা চাই।
এ বিষয়ে ইমরানের চিকিৎসক যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. উবায়দুল কাদির উজ্জ্বল জানান, ইমরানের দুটি কিডনির ফাংশন খুবই খারাপ। স্বাভাবিক অবস্থায় কিডনির ক্রিয়েটিনিন ১ দশমিক ৪ থাকার কথা কিন্তু ইমরানের তা ছিলো ৮ দশমিক ৮। আজ এটাও আরো বেড়েছে। দ্রুত তার ডায়ালোসিস শুরু করতে হবে এবং আজই সেটা করা হবে। তবে বলা যাচ্ছে না যে, সে রিকভারি করবে। তার অবস্থায় খুবই সংকটাপন্ন।
এ বিষয়ে সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুন্সি আনিচুর রহমান জানান, ঘটনার দিন সকালে তিনি জরুরি কাজে কোতোয়ালী থানায় গিয়েছিলেন। সেখান থেকে রাত ১২টার দিকে ক্যাম্পে ফেরেন। এসে জানতে পারেন এএসআই সুমারেশ সাহা, এএসআই সাজদার রহমান ও চার কন্সটেবল ওই কলেজ ছাত্রকে আটক করেছিল। কিন্তু সে অসুস্থ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাবাকে ডেকে ছেড়ে দেয়া হয়। তাকে ছাড়তে কোন টাকা পয়সার লেনদেন হয়নি বলে দাবি করেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মাদ আশরাফ হোসেন জানান, বিষয়টি জানার পর তিনি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করিয়েছেন। তাছাড়া ওই ছেলে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা তাও খোঁজ নেয়া হচ্ছে। তবে পুলিশের কেউ এ নির্যাতনে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।