সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যায় সৃষ্ট বিক্ষোভকে কেন্দ্র করে দুই সহকর্মীকে বরখাস্তের প্রতিবাদে ৫৭ জন পুলিশ সদস্য পদত্যাগ করেছেন। ডেইলি মেইল এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
একজন বয়স্ক নাগরিকের সঙ্গে নির্দয় আচরণের দায়ে এই ইমার্জেন্সি স্পেশাল টিমের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দেন ওই ৫৭ কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোর পুলিশের স্পেশাল টিম থেকে একসঙ্গে ৫৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বাফেলো পুলিশ বেনেভোলেন্ট এসোসিয়েশন (পিবিএ) প্রেসিডেন্ট জন ইভান্স বলেন, যে দু’জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে, তারা শুধু নির্বাহী আদেশ পালন করেছেন। তাই এর প্রতিবাদ জানিয়ে বাকিরা পদত্যাগ করেছেন। তবে এই ৫৭ জন পুলিশ সদস্য পুলিশ বিভাগ থেকে পদত্যাগ করেন নি। তারা শুধু ইমার্জেন্সি রেসপন্স টিম থেকে পদত্যাগ করেছেন।
এর আগে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্টিন গুজিনো (৭৫) কারফিউ কার্যকরের জন্য দায়িত্বে থাকা পুলিশের দিকে অগ্রসর হলে এক পুলিশ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। তার কান থেকে গলগল করে রক্ত বের হতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, মাথায় মারাত্মক আঘাত লেগেছে।
বাফেলোর মেয়র বাইরন ব্রাউন বলেছেন, ‘এই ভিডিও দেখে আমি খুব হতাশ। বরখাস্তকৃত দুই কর্মকর্তার ব্যাপারে যেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়। আমি তাদের চাকরিচ্যুত করতে বলছি না।’